নতুন চ্যাম্পিয়ন ঝিনাইদহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেনাল্টি কর্নার নিতে প্রস্তুত নড়াইল। কিন্তু সেই সুযোগটুকুও যেন দিতে নারাজ ঝিনাইদহ। আম্পায়াররা ঘড়ি দেখছেন। অথচ তার আগেই উল্লাসে মেতে উঠল ঝিনাইদহের মেয়েরা। মাঠে শুয়েই শুরু করল আনন্দের কান্নাকাটি! আম্পায়ারদের নির্দেশে অবশ্য মুহূর্তেই উঠে দাঁড়িয়ে শুরু করতে হলো খেলা। কয়েক সেকেন্ড পরই পেনাল্টি কর্নার শেষ। ঝিনাইদহের মেয়েদের থেমে যাওয়া উল্লাস গতি পেল আবারও। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঝিনাইদহের এই উল্লাস দুবারের চ্যাম্পিয়ন নড়াইলকে হারানোর। কাল জাতীয় মহিলা হকিতে জয়সূচক একমাত্র গোলটি করেছেন অনন্যা বিশ্বাস।
ম্যাচের প্রথমার্ধে ছিল গোলশূন্য। ৬০ মিনিটের ম্যাচে দ্বিতীয়ার্ধেও নড়াইলের দাপটই ছিল বেশি। কিন্তু গোলমুখে গিয়েই বারবার খেই হারিয়েছে। আর দিনের সেরা সুযোগ কাজে লাগিয়ে অনন্যা হয়ে গেছেন অনন্য। শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের কালীগঞ্জ থেকে প্রতিদিন ঝিনাইদহ স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন অনন্যা। ক্রিকেট-ফুটবলের পর গত জানুয়ারি মাসে হকিস্টিক হাতে নিয়েছেন। এসেই এবার দলকে চ্যাম্পিয়ন করে দারুণ উচ্ছ্বসিত রাইগ্রাম বাণীকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী, ‘এত দিন আমরা যেমন কঠোর অনুশীলন করেছি তার ফল পেলাম আজ।’
এই ম্যাচে নড়াইলের সঙ্গে প্রতিশোধেরও একটা ব্যাপার ছিল ঝিনাইদহের। গত ডিসেম্বরে আন্তস্কুল হকিতে নড়াইলের মেয়েদের কাছেই বিভাগীয় ফাইনালে টাইব্রেকারে হেরেছিল ঝিনাইদহ। এবার প্রতিশোধ নিতে পেরে খুশি অনন্যা, ‘আসলে ওই দিন টাইব্রেকারে হেরে মন খুব খারাপ হয়েছিল। আজ ওদের হারিয়ে সেই প্রতিশোধ নেওয়া হলো।’
টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ঝিনাইদহের জুঁই খাতুন। ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন নড়াইলের সাদিয়া খানম।