নতুন চ্যাম্পিয়ন বরণে প্রস্তুত সকার সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের সাতটি ম্যাচ সকার সিটি স্টেডিয়ামের গায়ে অনেক ধুলোবালি আর দাগ রেখে গেছে। কিন্তু কাল দেখা গেল, ধুয়েমুছে সেটিকে আবার পরিষ্কার করে তোলা হচ্ছে। শুরুতে যেমন, শেষ যাত্রায়ও তেমনই একটা নির্মল ছোঁয়া থাকে জীবনে। স্টেডিয়ামটাই বা ব্যতিক্রম হবে কেন? বিশ্বকাপের বোধন উপলক্ষে সে সেজেছিল। আবার সমাপ্তির জন্যও সাজছে। আগামীকাল সকার সিটি স্টেডিয়ামেই নতুন চ্যাম্পিয়নকে বরণ করে নেবে ফুটবল-দুনিয়া। এবার সত্যিকার অর্থেই নতুন চ্যাম্পিয়নের জন্য মালা গেঁথে রাখা ছিল। এর আগে দুবার ফাইনালে উঠেও শ্রেষ্ঠত্বের মালা পরতে না পারা হল্যান্ড আর এবারই প্রথমবার ফাইনালের মঞ্চে দাঁড়ানো স্পেনের মধ্যে হবে শ্রেষ্ঠত্বের লড়াই। নতুন চ্যাম্পিয়নকেই পাচ্ছে বিশ্বকাপ।অনেক ‘নতুন’ আর অনেক ‘প্রথম’-এর জন্ম দিতে গিয়ে বিশ্বকাপ কতটা কাঁপুনি ধরিয়েছে সারা পৃথিবীর গায়ে, সেসবের সাক্ষী আপনারা। শীতের মধ্যে শুরুতেই ‘কী ঘটে, কী ঘটে’ এমন একটা কাঁপুনি লাগিয়ে গতবারের দুই ফাইনালিস্টকে সে বিদায় করে জোড় বেঁধে। দ্বিতীয় রাউন্ড থেকে অবশ্য প্রায় পরিচিত ধারার মধ্যেই তার আগমন। টিকে থাকা প্রায় সব কটি বড় দলকেই পাওয়া গেল শ্রেষ্ঠত্বের আসল লড়াইয়ের মিছিলে। লাতিন আমেরিকার পাঁচটি দেশই জায়গা করে নিল শেষ ষোলোয়। এশিয়ার পতাকা হাতে উঠল জাপান-দক্ষিণ কোরিয়ার। স্বাগতিক আফ্রিকার পতাকা বইল শুধু ঘানা। কিন্তু কোয়ার্টার ফাইনালেই আবারও মঞ্চায়ন হলো ট্র্যাজেডি। পোর্ট এলিজাবেথের সাগরজলে ষষ্ঠ শিরোপার সন্ধানে আসা ব্রাজিলের স্বপ্ন ধুয়েমুছে দিল হল্যান্ড। কেপটাউনের সমুদ্রে এই বিশ্বকাপকে সবচেয়ে রাঙিয়ে তোলা ম্যারাডোনা-মেসির আর্জেন্টিনার সলিলসমাধি দিল জার্মানি।তবে ব্রাজিল নেই, আর্জেন্টিনা নেই—এই দুঃখ যদি আপনাকে ঘিরে ধরে, শেষ চারে সেই দুঃখের অনেকখানি নিশ্চয়ই ঘুচে গেছে। বিশ্বকাপ-বিধাতা সেই দুটি দলকেই তুলে এনেছেন শেষ লড়াইয়ের ময়দানে, ফুটবল-দুনিয়াকে যারা ঋণী করেছে অনেক, কিন্তু পরিবর্তে কেবলই শূন্যতার হাহাকার বেজেছে তাদের বুকে। হল্যান্ড ও স্পেনই শেষ চারের বাধা টপকে ফাইনালে। আগের দিন কেপটাউনে হল্যান্ডের লাতিন আমেরিকার একমাত্র প্রতিনিধি উরুগুয়ের বিদায় হয়েছে, পরদিন ডারবানে জার্মানির স্বপ্নদৌড় থামিয়েছে স্পেন। স্পেন বা হল্যান্ড যাদের গলাতেই বিজয়ীর মালা উঠুক, আপনার নিশ্চয়ই খারাপ লাগবে না। ৬২টি ম্যাচ শেষে সেরা দুটি দলকেই তো বেছে নিল বিশ্বকাপ।স্পেনকে সেরা দল বলতে একটু আপত্তি থাকতে পারে। সব পজিশনেই বিশ্বসেরা খেলোয়াড়দের নিয়ে কত না লড়াই করে তাদের আসতে হয়েছে শেষ মঞ্চে। শুরুটাই করল তারা গোলহীন পরাজয় দিয়ে। পরের পাঁচটি ম্যাচে গোল করল মাত্র ৭টি। তিনজন মাত্র গোলের দেখা পেয়েছেন লাল জার্সি গায়ে। তাঁর মধ্যে ডেভিড ভিয়ার একারই ৫ গোল। এই দলটা সেরা হয় কী করে! ভিয়াই ভাসিয়ে নিয়ে যাচ্ছেন তাদের ভেলা। কিন্তু গোলই যে সব নয়, তার প্রমাণ স্পেন দিয়েছে সেমিফাইনালে, জার্মানিকে মাত্র এক গোলে হারিয়েও। এই স্পেন প্রতিপক্ষকে বল ধরার সুযোগ না দিয়ে দিব্যি ম্যাচ শেষ করে দিতে পারে। এই স্পেনই এখন বিশ্বের সেরা দল। তাদের মাথায় ইউরোপ-সেরার মুকুটটাও যথার্থ। উল্টো দিকে জয় আর গোলের দিক দিয়ে অনেক বেশি উজ্জ্বল হল্যান্ড। সব কটি ম্যাচ জিতেই তারা এসেছে ফাইনালে। তাদের আছে দুর্দান্ত সব স্ট্রাইকার, উইঙ্গার, প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলা মিডফিল্ডার। তার পরও স্পেনের মতো কী যেন তাদের নেই। হয়তো ফুটবল নিয়ে জাদু দেখানোর চূড়ান্ত ক্ষমতা। তবে সবকিছু কাটাকুটি করলে দুদলকেই পাওয়া যায় একই সমতলে। একটা অবিস্মরণীয় ফাইনালের আশায় সময় গুনছে সকার সিটি, দক্ষিণ আফ্রিকা। এই প্রথম যে ফাইনাল নিজেদের মহাদেশের বাইরে ইউরোপকে মালা পরাবে। সব রাস্তা এসে মিশেছে সকার সিটিতে। শাকিরার গান বাজতে শুরু করেছে আবার, ওয়াকা, ওয়াকা...।কাল সকাল থেকেই রাস্তাগুলোকে নিরাপত্তার ঘেরাটোপে বন্দী করে রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকা দেখাতে চায়, আফ্রিকার প্রথম বিশ্বকাপ কতটা নিরাপদ। প্রেসিডেন্ট জ্যাকব জুমা আবারও সরব, ‘সন্দেহবাদীদের মুখ চিরতরে বন্ধ করে দেব।’ কতটা বন্ধ তিনি করতে পারবেন, সে বলবে সময়। তবে এই বিশ্বকাপকে আরেকটা ভয় ঘিরে ধরছে শেষ বাঁশিটা না বাজতেই। দক্ষিণ আফ্রিকার কালো মানুষেরা একজোট হয়ে ‘বিদেশি তাড়াও’ আন্দোলনের হুমকি দিয়েছে সহিংস পথে, প্রবাসী বাংলাদেশিরাও তাদের রোষের লক্ষ্যবস্তু। অভিবাসীরা ইদি আমিনের উগান্ডা কিংবা রবার্ট মুগাবের জিম্বাবুয়ের মতো একটা কালো মেঘ দেখতে পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার আকাশে। সকার সিটি স্টেডিয়ামের পথে পথে যদি পুলিশ সাজায় নিরাপত্তাবলয়, তাহলে দক্ষিণ আফ্রিকার সৈন্যরা প্রস্তুত দেশের সব অঞ্চলে।বিশ্বকাপ আয়োজন করে আসলেই সারা বিশ্বকে চমকে দিল দক্ষিণ আফ্রিকা।