নতুন চ্যাম্পিয়ন মিনহাজ
জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন থেকে এবার সিনিয়রদের টুর্নামেন্ট জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়ে গেলেন মিনহাজউদ্দিন আহমেদ (সাগর)। কাল শেষ হওয়া ৩৬তম জাতীয় দাবায় শেষ রাউন্ডে দেবরাজের সঙ্গে ড্র করে ২১ বছরের তরুণ পূরণ করল একটা স্বপ্ন।এবারের জাতীয় দাবায় খেলেননি দেশের ৫ গ্র্যান্ডমাস্টারের চারজন। খেলেছেন শুধু রিফাত বিন সাত্তার। চ্যাম্পিয়ন জিয়াউর রহমান মালয়েশিয়ার জাতীয় দলকে কোচিং করাচ্ছেন। আবদুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীবরা এই ফেডারেশনের অধীনে খেলছেন না। ব্যক্তিগত কারণে খেলেননি নিয়াজ মোরশেদ।মিনহাজ ১২ ম্যাচের ১০টি জিতেছেন। ড্র করেছেন দুটি। ১১ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মিনহাজ বললেন, ‘আমার মূল লক্ষ্য গ্র্যান্ডমাস্টার হওয়া।’ গ্র্যান্ডমাস্টার হতে চাইলে আগে তো আন্তর্জাতিক মাস্টার হতে হবে। মিনহাজ এখন ফিদে মাস্টার, জাতীয় জুনিয়রে চ্যাম্পিয়ন হয়েছেন গত তিন বছর। জাতীয় দাবার শিরোপার সঙ্গে একটা আন্তর্জাতিক মাস্টার নর্মও পেয়েছেন মিনহাজ।সিনিয়র দাবাড়ুরা পেছনে সরে আছেন নানা কারণে। এ অবস্থায় নতুন চ্যাম্পিয়ন পেল জাতীয় দাবা। দেশের দাবার সর্বোচ্চ প্রতিযোগিতায় এটি তাঁর প্রথম শিরোপা। রানারআপ হয়েছেন আবু সুফিয়ান (শাকিল), তাঁর পয়েন্ট সাড়ে নয়। সাড়ে ৮ পয়েন্ট পেয়ে রিফাত হয়েছেন তৃতীয়।