নতুন চ্যালেঞ্জ নিতে বলছেন বস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ১০ মিনিটই যা একটু অস্থির দেখাল তাঁকে। মাথায় হাত বোলালেন বার কয়েক। চিৎকার করে জাভি-ইনিয়েস্তাকে কী যেন বললেনও। কিন্তু বাকিটা সময় সেই ভিসেন্তে দেল বস্ক। ভেতরে উত্তেজনার ঝড় নিশ্চয়ই বয়ে গেছে। কিন্তু বাইরে থেকে বোঝার উপায় নেই। শান্ত-সৌম্য। ফুটবল-বোদ্ধারা বলেন, স্পেনের মতো তারকাবহুল একটা দলে যেমন কোচ দরকার ছিল, দেল বস্ক ঠিক সে রকমই। ফুটবলে কোচই সর্বেসর্বা। কিন্তু দেল বস্ক সব সময় আলোটা নিজের ওপর থেকে সরিয়ে রাখেন। কৃতিত্ব দেন খেলোয়াড়দের। পরশু ইউরো জিতে ইতিহাস গড়ার পরও যেমন সব কৃতিত্ব খেলোয়াড়দেরই দিয়ে দিলেন।দেল বস্ক মনে করেন এই সোনালি প্রজন্মটাই তাঁর কাজ অনেক সহজ করে দিয়েছে, ‘আমরা গ্রেট একটা প্রজন্মের ফুটবলারদের ব্যাপারে কথা বলছি। তাদের শেকড়টা শক্ত। আমাদের এমন দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে যারা বিদেশে খেলে, যেটা আগে অসম্ভব ছিল। বাইরের লিগগুলোয় আমাদের তেমন কোনো খেলোয়াড় ছিল না। কিন্তু বিদেশি কোচরা এখন আমাদের খেলোয়াড় নিতে চায়। এটা স্পেনের ফুটবলেরই এক মহাযুগ।’পরশুর জয় দিয়ে ইতিহাসে পা রেখেছেন। জার্মান কোচ হেলমুট শোনের পর বিশ্বকাপ-ইউরোর যুগল সাফল্য পাওয়া প্রথম কোচ তিনিই। এর আগে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগও জিতিয়েছেন। এই শিরোপাত্রয়ী জেতার কৃতিত্ব নেই আর কারও। তাঁর ফুটবলপ্রজ্ঞা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ সত্যিই কম। যদিও এবারের ইউরোয় ‘ফলস নাইন’ নিয়ে বেশ কোণঠাসা হয়ে গিয়েছিলেন। নিয়মিত স্ট্রাইকার না খেলানোয় দেল বস্কের দিকে ধেয়ে আসছিল সমালোচনার তির। যদিও নিজের দর্শনে অটল থেকে ফাইনালেও প্রথম একাদশ সাজিয়েছিলেন ‘ফলস নাইন’ দিয়ে। তবে পাশার শেষ দানটায় তিনিই জিতেছেন। দেল বস্কের ব্যাখ্যা, ‘ফুটবল শুধু একটা ধরনেই খেলা যায় এমন নয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গোল করা। আমাদের দলটা খুবই ভারসাম্যপূর্ণ। আমাদের দুর্দান্ত স্ট্রাইকার আছে। কিন্তু এমন খেলোয়াড়দের নিয়ে খেলতে চেয়েছি যারা আমাদের খেলার ধরনের সঙ্গে বেশি মানানসই। আমরা স্রেফ আমাদের নিজেদের খেলাটাই খেলেছি, এতগুলো বছরে যেভাবে খেলেছি, সেটার প্রতি বিশ্বস্ত থেকেছি।’প্রতিপক্ষ ইতালির প্রতিও শ্রদ্ধাশীল ৬১ বছর বয়সী কোচ অকপটে স্বীকার করেছেন, ভাগ্য ইতালির পাশে ছিল না। তাদের দুজন খেলোয়াড় চোট নিয়ে বেরিয়ে গেছে। শেষ আধাঘণ্টা খেলেছে ১০ জনের দল নিয়ে। দেল বস্কের আরেকটি বড় গুণ, শিষ্যদের ক্ষুধাটা জাগিয়ে রাখা। এবার যেমন নতুন চ্যালেঞ্জ দিলেন—২০১৪ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার, ২০১৩ কনফেডারেশনস কাপে ভালো করার, ‘স্প্যানিশ ফুটবলের এই অর্জন ঐতিহাসিক। এখন আমাদের ব্রাজিল বিশ্বকাপে জায়গা করে নিতে হবে। সামনে আরও চ্যালেঞ্জ আসছে।’ এএফপি, রয়টার্স।