নতুন চ্যালেঞ্জের সামনে দুই নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটে দুজনই নতুন। জাতীয় দলের হয়ে একজন ওয়ানডে খেলেছেন চারটি, আরেকজন তিনটি। এর মধ্যেই নতুন এক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে গেলেন শুভাগত হোম চৌধুরী আর নাসির হোসেন!অনাকাঙ্ক্ষিত কোনো চ্যালেঞ্জ অবশ্য নয়। সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, তাই টেস্ট খেলার হাতছানি দুজনেরই সামনে। তার আগে বিসিবি লাল ও বিসিবি সবুজের মধ্যে আজ শুরু চার দিনের প্রস্তুতি ম্যাচটাই চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে শুভাগত-নাসিরের জন্য। চ্যালেঞ্জ টেস্ট দলে সুযোগ পাওয়ার।জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের ব্যর্থতার মধ্যেই অভিষেক ম্যাচে ৬৩ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা মোটামুটি স্মরণীয় করতে পেরেছেন নাসির। পরের তিন ম্যাচের একটিতে রান পাননি, আরেকটিতে ব্যাট করেননি এবং অন্যটিতে করেছেন অপরাজিত ৮ রান। এই তিন ম্যাচের অভিজ্ঞতায় নাসিরের মনে হচ্ছে, ‘সব খেলাই কঠিন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম তিনটা ম্যাচ খেললাম, কঠিনই মনে হয়েছে।’ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট বিসিবি কাপও খুব একটা ভালো কাটেনি এই অলরাউন্ডারের। পাঁচ ম্যাচ খেলে তিনটিতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন ১৪, ২৪ ও ১২ রান। অফ স্পিনে এক ম্যাচেই ৪ উইকেট নিলেও সব মিলিয়ে উইকেট পেয়েছেন ৫টি। চার দিনের ম্যাচের আগে তার পরও চ্যালেঞ্জটা নিচ্ছেন নাসির, ‘সবারই স্বপ্ন থাকে টেস্ট খেলার। আমারও সে রকম ইচ্ছা আছে। চার দিনের ম্যাচ যেহেতু, এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ।’একই চ্যালেঞ্জ শুভাগত হোম চৌধুরীও নিচ্ছেন, ‘যেখানে সুযোগ পাব সেখানেই খেলব। ঘরোয়া ক্রিকেটে আমি দুই ধরনের খেলাই খেলেছি। তার পরও এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ। চেষ্টা করব ভালো কিছু করার।’ নাসিরের মতো শুভাগতরও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক জিম্বাবুয়ে সিরিজে। ৩২, অপরাজিত ৩৫ ও ৩—জিম্বাবুয়েতে তিন ম্যাচ খেলে এই পারফরম্যান্স আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত কারও জন্য খুব খারাপ নয়। তবে মিডল-অর্ডার এই ব্যাটসম্যান খুব হতাশ করেছেন বিসিবি কাপে। ০, ৭, ৪ ও ০—চার ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে এই হলো তাঁর পারফরম্যান্স। চার দিনের ম্যাচে কতটা পারবেন নিজেকে এই অবস্থা থেকে ফেরাতে? শুভাগত আত্মবিশ্বাসী, ‘চেষ্টা তো করছি। সুযোগ পেলে চেষ্টা করব টেস্টেও নিজেকে প্রমাণ করার।’দীর্ঘ পরিসরের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার কাজ অবশ্য প্রথম শ্রেণীর ক্রিকেটে কিছুটা হলেও করে রেখেছেন শুভাগত। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে রান করেছেন ৬১.২৬ গড়ে ৯১৯। তিনটি সেঞ্চুরির পাশে ফিফটি ছয়টি। সর্বোচ্চ রান অপরাজিত ১৬৬। প্রথম শ্রেণীর ক্রিকেটের এই পারফরম্যান্স আত্মবিশ্বাসী করছে শুভাগতকে, ‘জাতীয় লিগের চার দিনের ম্যাচে আমার পারফরম্যান্স খারাপ নয়। সেই অভিজ্ঞতা কাজে লাগবে আশা করি।’প্রথম শ্রেণীর ক্রিকেটে নাসিরের অভিজ্ঞতা শুভাগতের ডাবল হলেও পারফরম্যান্সে পিছিয়ে। ২২ ম্যাচে ১০৬৪ রান করেছেন ৩১.২৯ গড়ে। সর্বোচ্চ ইনিংস ১২২ রানের। সেঞ্চুরিও ওই একটাই, ফিফটি পাঁচটি। আর বল হাতে উইকেট নিয়েছেন ৩০টি।শুভাগত-নাসির চাইলে একবার পেছন ফিরে চোখ বুলিয়ে নিতে পারেন এই পরিসংখ্যানে। তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্ট অভিষেকের স্বপ্ন যদি পূরণ করতে চান, প্রস্তুতি ম্যাচে বিসিবি লাল দলের হয়ে পারফরম্যান্সটাও করতে হবে লাল রঙের মতোই উজ্জ্বল।