নতুন জটিলতায় গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক কাঠখড় পুড়িয়ে একটা সুরাহা হয়েছিল। আপাত অবসান হয়েছিল এক বছর ধরে চলা শীতল যুদ্ধের। মনে হচ্ছিল ক্রিস গেইলের দলে ফেরাটা শুধু সময়ের ব্যাপার। কিন্তু এত পেঁচানো রহস্যের সমাধান কি আর এত সহজে হয়! গেইলের দলে ফেরা নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা। জটিলতার সূত্রপাত যথারীতি গেইলের হাত ধরে। ২০ এপ্রিল বোর্ডের কাছে পাঠানো এক ই-মেইলে গেইল লিখেছেন, ‘২ মে থেকে ২৫ জুন ওয়েস্ট ইন্ডিজের আসন্ন ইংল্যান্ড সফর নিয়ে লিখছি। আগে যেমন বলেছিলাম, আইপিএল শেষে আমি এই সফরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চাই। আমার খুব ভালো লাগবে যদি আমাকে আগে থেকেই জানানো হয় আমাকে দলে নেওয়া হবে কি না। সে ক্ষেত্রে সমারসেটের সঙ্গে আমার চুক্তি রক্ষা নিয়ে আলোচনা করতে সুবিধা হবে।’ আইপিএল শেষ হবে ২৭ মে। তাই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেই কেবল খেলতে পারবেন গেইল। সমস্যা হলো, সমারসেটের হয়ে ফ্রেন্ডস প্রভিডেন্ট টি-টোয়েন্টিতে খেলতে আগে থেকেই চুক্তিবদ্ধ গেইল। তবে বোর্ডের সঙ্গে আপসের সময় বলেছিলেন, দলে নেওয়া হলে সমারসেটের হয়ে ওই কয়েক দিন খেলবেন না।আগেভাগেই দল নির্বাচন নিয়ে জানতে চাওয়ায় আবার খেপেছেন বোর্ড-প্রধান আর্নেস্ট হিলাইরে। কারণ, আগেই বলেছিলেন দলে নেওয়ার নিশ্চয়তা বোর্ড দিতে পারে না। এটা পুরোপুরি নির্বাচকদের ব্যাপার। তা ছাড়া হিলাইরের দাবি, ক্যারিকমের মধ্যস্থতায় আপসের সময় সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী রালফ গনজালভেসকে গেইল বলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলে বিবেচনা করা হলেই সমারসেটের চুক্তি উপেক্ষা করবেন। ২৬ এপ্রিল ফিরতি মেইলে হিলাইরে জানিয়েছেন, ‘বোর্ড আপনার অনুরোধ বিবেচনা করছে। তবে আমরা হতাশ এ কারণে, চূড়ান্ত সুরাহার পথে যে অগ্রগতি হয়েছিল, সেটির প্রতি আপনার যথেষ্ট শ্রদ্ধা আছে বলে মনে হয় না। মনে হচ্ছে, সমারসেটের চুক্তিকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।’ ওয়েবসাইট।