নতুন জার্সিতে দুর্দান্ত আর্সেনাল
এই সময়ে এশিয়া যেন এক খণ্ড ইংলিশ প্রিমিয়ার লিগ। কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে গেল থাইল্যান্ড। চেলসি এখন আছে থাইল্যান্ডেই। আর আর্সেনাল কদিন আগে পা রেখেছে ইন্দোনেশিয়ার জাকার্তায়। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর এই এশিয়া সফরের পেছনে অবশ্য আর্থিক কারণটাই মুখ্য। ক্লাবগুলোর বিশাল একটা সমর্থক গোষ্ঠী যে এশিয়ারই! সে জন্যই কয়েক বছর ধরে প্রাক-মৌসুম প্রস্তুতিতে এশিয়ায় আসছে দলগুলো। তবে সবার যে গা গরমটা ভালো হচ্ছে এমন কিন্তু নয়। ম্যানচেস্টার ইউনাইটেড তো হেরেই গেল থাইল্যান্ড অলস্টার দলের সঙ্গে। প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে নতুন কোচ ম্যানুয়েল পেলিগ্রিনির শুরুটাও ভালো হয়নি। সিটি অবশ্য হেরেছে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে। ইউনাইটেড-সিটি প্রাক-মৌসুম সফরের প্রথম ম্যাচে হারলেও নতুন জার্সিতে দারুণ সূচনা করেছে আর্সেনাল। ইন্দোনেশিয়া ড্রিম টিমকে হলুদ-নীল ‘অ্যাওয়ে’ জার্সি পরে গুনে গুনে ৭ গোল দিয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল। ব্রাজিলকে মনে করিয়ে দেওয়া এই জার্সির অভিষেকটা এর চেয়ে ভালো আর কী হতে পারত! ইন্দোনেশিয়া থেকে ভিয়েতনাম হয়ে আর্সেনাল যাবে জাপানে। এএফপি।