নতুন জার্সিতে নতুন ভারত!
আকাশি-নীল রংটা আছেই, তবে আরেকটু ঘন। বুকে বড় করে সাহারা ও ইন্ডিয়াও লেখা আছে আগের মতোই। রংটা নতুন, স্টাইলিশ। বাঁ কাঁধের পাশটায় ভারতীয় পতাকার আদলে রাঙিয়ে দেওয়া হয়েছে তেরঙায়। এই তেরঙার মাঝখানে বিসিসিআইয়ের লোগো। লোগোর ওপরে তিনটি তারকা, তিনটি বিশ্বকাপ (দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি) জয়ের প্রতীক। এই হলো ভারতের নতুন টি-টোয়েন্টি জার্সি।নতুন মৌসুমের সূচনায় টি-টোয়েন্টির প্রথম বিশ্ব চ্যাম্পিয়নদের পোশাক উন্মোচন অনুষ্ঠান হলো কাল মুম্বাইতে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, সহ-অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে অনুষ্ঠানে ছিলেন বীরেন্দর শেবাগ, ইরফান পাঠান, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে। আর অন্যতম আকর্ষণ ছিলেন যুবরাজ সিং। আইপিএলের সময় যে মুটিয়ে যাওয়া যুবরাজকে দেখা গিয়েছিল, এই যুবরাজের সঙ্গে সেই যুবরাজের আকাশ-পাতাল পার্থক্য। ওজন কমিয়ে দারুণ ফিট ও চনমনে মনে হয়েছে ৩০ বছর বয়সী অলরাউন্ডারকে। বরং মনে হয়েছে ফিরে গেছেন যেন আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর দিনগুলোতে!কদিন আগেই অবশ্য শ্রীলঙ্কা সফর করে এসেছে ভারত। তবে সেটিকে বলা যায় মৌসুম শুরুর আগে গা-গরম। শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি ছিল ওই সফরে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই তাই বলা যায় সত্যিকার অর্থে শুরু হচ্ছে মৌসুম। ২৩ আগস্ট হায়দরাবাদ টেস্ট দিয়ে শুরু দুই টেস্টের সিরিজ। আছে দুটি টি-টোয়েন্টি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ। নভেম্বরে চার টেস্ট, দুই টি-টোয়েন্টি ও পাঁচ ওয়ানডের সিরিজ খেলতে ভারতে আসছে ইংল্যান্ড। এর পরই আসবে অস্ট্রেলিয়া। তারপর আবার আইপিএল। সব মিলিয়ে ভারতের সামনে আবারও ব্যস্ত সূচি।গত মৌসুমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে ভরাডুবির পর আইপিএল শেষে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের মনে করেছিলেন নিঃশেষিত। তবে দেড় মাসের বিশ্রাম শেষে সবাই নাকি এখন দারুণ চনমনে, জানালেন অধিনায়ক ধোনি, ‘শারীরিক ও মানসিকভাবে দল এখন দারুণ ফিট। দেড় মাসের বিশ্রামটা দারুণ কাজে লেগেছে। শ্রীলঙ্কা সফরেও ম্যাচগুলোর মাঝে পর্যাপ্ত বিরতি ছিল। সামনের ঠাসা সূচির জন্য আমরা এখন প্রস্তুত।’স্বাভাবিকভাবেই আলোচনার বড় অংশ জুড়ে ছিলেন যুবরাজ। বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে ফিরে পেয়ে উচ্ছ্বসিত ধোনি। সেটা শুধু মাঠের ভেতরের যুবরাজের জন্যই নয়, মাঠের বাইরের যুবরাজের জন্যও, ‘শুধু ব্যাটিং নয়, ড্রেসিংরুমেও আমরা যুবরাজকে মিস করেছি এত দিন। ড্রেসিংরুম মাতিয়ে রাখতে ওর জুড়ি নেই। বিরাট (কোহলি) অবশ্য ভালোই কাজ চালিয়ে নিয়েছে। ওরা দুজনই থাকায় এখন নিশ্চয়ই ড্রেসিংরুমের আবহ আরও প্রাণবন্ত হবে।’যুবরাজ জানালেন, মাঠে নামতে তাঁর তর সইছে না, ‘গত দুই মাস কঠোর পরিশ্রম করেছি। খুব ভালো আছি এখন, তবে নার্ভাস। ভেবেছিলাম আর কখনো বুঝি ভারতীয় দলে খেলা হবে না। প্রথমবার মাঠে নামার মতোই রোমাঞ্চিত হয়ে আছি আমি।’ শেবাগ আবার রোমাঞ্চিত ভারতের নতুন জার্সিতে, ‘জার্সিতে এখন জাতীয় পতাকাও আছে, যা আমার হূদয়ের খুব কাছে। পতাকা জার্সিটাকে স্পেশাল করে তুলেছে।’ ওয়েবসাইট।