নতুন জীবন কেমন কাটছে টেন্ডুলকারের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব সকালে ওঠার তাড়া নেই। শরীরটাকে ফিট রাখার বাধ্যবাধকতা নেই। চাইলে কিছুটা সময় আরও বেশি করে বিছানায় গড়িয়ে নিতে পারেন। চাইলে শরীরে জমতেই দিতে পারেন আলস্যের মেদ। বেছে বেছে খাওয়ার শাসনও নেই। কিন্তু না, এখনো খুব ভোরেই ঘুম ভেঙে যায় শচীন টেন্ডুলকারের। এখনো শরীরটাকে ফিট রাখার তাগিদই অনুভব করেন। ব্যাটগুলোও নেড়েচেড়ে দেখেন। শুধু মাঠে নেমে পড়ার প্রবল ইচ্ছাটাকে দমিয়ে রাখতে হয়!

তিন দশকের পুরোনো অভ্যাস কি হুট করে বদলে ফেলা যায়? টেন্ডুলকারের জন্য তো কথাটা আরও বেশি করে সত্যিই। জ্ঞান হওয়ার পর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত ক্রিকেট ব্যাটের সঙ্গেই তিনি কাটিয়েছেন জীবনের বেশির ভাগ সময়। অবসরের পর তা-ই এখন হয়তো নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা কষ্টই করতে হচ্ছে লিটল মাস্টারকে। তবে সময় যে থেমে থাকবে না, সেই সত্যটা মেনেই নিচ্ছেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। আর তাই ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছেন জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর জন্য।

টেন্ডুলকার যে জীবনের প্রথম ইনিংসটা দারুণভাবেই শেষ করেছেন, তা নিয়ে হয়তো কারোরই সংশয় নেই। শুধু ভারতই নয়, পুরো ক্রিকেট-বিশ্বকেই অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ভারতের ব্যাটিং দেবতা। প্রাপ্তির ঝুলিতেও জমা হয়েছে অনেক কিছু। তবে সেসবের জন্য না, নিজের দায়িত্বটা ঠিকমতো পালন করতে পেরেছেন বলেই সন্তুষ্ট টেন্ডুলকার, ‘আমি আমার দায়িত্ব ভালোভাবে পালন করতে পেরেছি। এ জন্য আমি সন্তুষ্ট। আপনি শুধু কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য চেষ্টাই করতে পারেন। চূড়ান্ত কিছুই আপনার হাতে থাকে না। এখন মনে হচ্ছে যে আমার প্রথম ইনিংসটা শেষ হয়েছে আর দ্বিতীয় ইনিংসটা শুরু হতে যাচ্ছে।’

দুই যুগ ধরে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। অগণিত মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। এবার ভারতের গ্রামীণ অঞ্চলকে সৌরশক্তির আলোয় আলোকিত করার মাধ্যমেই দ্বিতীয় ইনিংস শুরু করবেন বলে জানিয়েছেন টেন্ডুলকার, ‘এ মুহূর্তে আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। আর খুব বেশি দূর পর্যন্ত ভাবিওনি। ইউনিসেফের সঙ্গে কিছু সামাজিক কাজের মধ্য দিয়েই আমি শুরু করব। আমাদের একটা প্রধান লক্ষ্য হলো গ্রামীণ অঞ্চলে সৌরবিদ্যুত্ পৌঁছে দেওয়া। আর এখন আমি সেটাতেই মনোযোগ দিচ্ছি।’

এমনিতে কেমন কাটছে তাঁর দিন? টেন্ডুলকার জানালেন, ‘এখনো পুরো ব্যাপারটা মেনে নিতে কিছু সময় তো লাগবেই। তবে অনুশীলনে ঠিকমতো হাজির হতে না পারা কিংবা খুব ভোরে ঘুম থেকে উঠতে না পারলে যে অনুশোচনাবোধ হতো, এখন তো আর সেটি হয় না। এখন আর আমার ওপর কোনো চাপও নেই।’

অবসর নিয়ে কি কোনো আক্ষেপ হয়? মনে হয়, আরেকটু চালিয়ে তো যেতেই পারতাম! না, টেন্ডুলকারের কাছ থেকে মিলল অন্য রকম উত্তর, ‘সময়টা ঠিকই ছিল বলে আমি মনে করি। আমি আমার অবসরের পরিকল্পনা যাকেই বলেছি, সেই আবেগাক্রান্ত হয়ে গিয়েছিল। কিন্তু আমি মোটেও হইনি। এটা ঠিক সময় এবং ঠিক সিদ্ধান্তই ছিলা। আর যেভাবে আমার শেষ সিরিজটা শেষ হলো, সেভাবে বিদায় পেলাম, তাতে সামান্য আক্ষেপের অবকাশটুকুও আর নেই।’

টেন্ডুলকার নিজে দেশে খেলেই বিদায় নিতে চেয়েছিলেন বলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা অনির্ধারিত সিরিজের আয়োজন করা হয়েছিল। তাঁর অনুরোধেই শেষ ম্যাচটা রাখা হয়েছিল মুম্বাইতে। এ তো সবারই জানা। তবে একটা অজানা তথ্যও টেন্ডুলকার দিলেন। তিনি খুব করে চাইছিলেন তাঁর মা যেন মাঠে এসে খেলা দেখে। যে মা এর আগে কখনোই মাঠে আসেননি। অন্য কোথাও হলে হয়তো আসতেও পারতেন না।

‘আমি আমার মাকে চমকে দিতে চেয়েছিলাম শেষ টেস্টে তাঁর নাম উচ্চারণ করে। ২৪ বছরে এর আগে কখনোই আমি তাঁকে আমার খেলা দেখতে মাঠে আসতে বলিনি। তবে আমি এবার চেয়েছিলাম, যেন তিনি এসে দেখে যান আমি আসলে কী করি। স্কুলজীবনে খেলা শুরুর পর থেকেই তিনি কখনো আমার খেলা দেখেননি। অন্তত একবার মা আমার খেলা দেখেছেন, এই অতৃপ্ত ইচ্ছাটাও তাই পূরণ হয়ে গেছে।’