নতুন জীবনে আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছিলেন প্রকাশ্যে। তবে ওয়াসিম আকরাম বিয়েটা সারলেন বেশ গোপনে। পাত্রী দীর্ঘদিনের অস্ট্রেলিয়ান বান্ধবী শ্যানিয়েরা টমসন, পেশায় গণযোগাযোগ পরামর্শক। পাকিস্তানি সংবাদমাধ্যমে বিয়ের খবর জানিয়ে আকরাম নতুন জীবনে সবার শুভকামনা চেয়েছেন।৪৭ বছর বয়সী সাবেক পাকিস্তানি ফাস্ট বোলারের প্রথম স্ত্রী হুমা মারা যান ২০০৯ সালে। এরপর বেশ কিছুদিন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে তাঁর প্রেম চলছে বলে গুঞ্জন রটেছিল। তবে কিছুদিন আগে ৩০ বছর বয়সী অস্ট্রেলীয় কন্যা শ্যানিয়েরাকে বিয়ে করবেন বলে ঘোষণা দিয়ে সে গুঞ্জনে পানি ঢেলে দিয়েছিলেন আকরাম। অবশেষে গত সপ্তাহে লাহোরে অনাড়ম্বর এক অনুষ্ঠানে ব্যক্তিগত জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন তিনি, ‘এটা আমার, আমার স্ত্রী ও সন্তানদের জন্য এক নতুন জীবনের সূচনা।’ আকরামের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু ছিলেন বিয়ের অনুষ্ঠানে। প্রথম পক্ষের দুই ছেলের সঙ্গেও নতুন স্ত্রীর সম্পর্ক খুব ভালো বলে জানিয়েছেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ ফাইনাল জয়ের নায়ক, ‘সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং উর্দু শিখছে। আমার দুই সন্তানের সঙ্গেও সে খুবই ঘনিষ্ঠ এবং ওদের সম্পর্কটা দারুণ।’ আপাতত মেলবোর্নের বাসিন্দা নতুন স্ত্রীকে নিয়ে পাকিস্তানেই নতুন সংসার পাতবেন বলেও জানিয়েছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার, ‘আমি পাকিস্তানের জনগণ, আমাদের বন্ধু ও সমর্থক সবারই শুভকামনা ও সহযোগিতা চাই।’ এএফপি।