নতুন টুর্নামেন্ট চ্যাম্পিয়নস কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের আট দল নিয়ে হচ্ছে সুপার কাপ। এবার পেশাদার লিগের দ্বিতীয় ধাপ চ্যাম্পিয়নশিপ লিগেও এমন একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টুর্নামেন্টের নাম চ্যাম্পিয়নস কাপ। খেলবে চ্যাম্পিয়নশিপ লিগের ছয়টি দল।
কাল পেশাদার লিগ কমিটির সভা শেষে চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বললেন, ‘সুপার কাপের মতো এমন জাঁকজমক হবে না টুর্নামেন্ট।’
এসবের বাইরে কালকের লিগ কমিটির সভায় আলোচনা হয়েছে দুই ক্লাব থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠা পাঁচ ফুটবলারের প্রসঙ্গেও। জাহিদ হোসেন, মামুন মিয়া, নাহিদ, শাকিল ও শরিফুল—এই পাঁচজন দলবদলের আগে মোহামেডানের কাছ থেকে টাকা নিয়ে অন্য ক্লাবে চুক্তি করেছেন, এমন অভিযোগ করে ১৯ সেপ্টেম্বর লিগ কমিটি বরাবর একটি চিঠি দিয়েছে মোহামেডান। বিষয়টির সমাধান চেয়েই তাদের এই চিঠি দেওয়া। তবে এই ফুটবলাররা আদৌ টাকা নিয়েছেন কি না, নিয়ে থাকলেও সেটার প্রামাণিক কাগজপত্র বাফুফেকে দেখাতে হবে। ওটা পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্লেয়ারস স্ট্যাটাস কমিটি।
লিগ কমিটির সভায় দ্বিতীয় স্তরের ভেন্যু নিয়েও আলোচনা হয়েছে। কমলাপুর স্টেডিয়ামের পাশাপাশি নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জকে ভেন্যু করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভেন্যু কমিটি ও রেফারিজ কমিটি মাঠ দেখে ইতিবাচক মতামত দিলেই ভেন্যু বাড়তে পারে। এ ছাড়া চূড়ান্ত হয়েছে দ্বিতীয় স্তরের দলবদলের তারিখও। ২০ অক্টোবর শুরু হবে চ্যাম্পিয়নশিপ লিগের দলবদল, শেষ ২০ নভেম্বর।