নতুন ঠিকানায় তিন তারকা
ক্যানসার জয় করে ফিরেছিলেন মাঠে। কিন্তু মৃত্যুঞ্জয়ী এরিক আবিদালের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বার্সেলোনা। বিদায়বেলায় আবেগাপ্লুত আবিদাল ক্লাবের প্রতি কৃতজ্ঞতাই প্রকাশ করেছিলেন। মুখে কিছু না বললেও মনের ভেতর নিশ্চয়ই রক্তক্ষরণ হচ্ছিল তাঁর। যে ক্লাবকে ভালোবেসে ফিরেছিলেন মাঠে, তারাই মুখ ফিরিয়ে নিলে আর কী বলার থাকে! বার্সা অবশ্য কোচিং স্টাফের সদস্য হওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দিয়ে আবিদাল খুঁজে নিলেন নতুন ঠিকানা।এই মৌসুমে তোলপাড় ফেলে দেওয়া ফ্রান্স লিগের মোনাকোতে ফিরছেন ৩৩ বছর বয়সী ফরাসি। ১৩ বছর আগে নিজের পেশাদার ক্যারিয়ারের শুরুটা করেছিলেন এখানেই! তবে তখনকার মোনাকো আর এখনকার মোনাকোর মধ্যে দুস্তর ব্যবধান। দলবদলে এবার অনেক টাকা ঢেলে খেলোয়াড় কিনছে মোনাকো। ৬ কোটি ইউরো দিয়ে কিনে এনেছে কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওকে। আবিদালকে আনায় রক্ষণটাও সমৃদ্ধ হলো। আপাতত দুই পক্ষের চুক্তিটা এক বছরের।এদিকে বায়ার্ন স্ট্রাইকার মারিও গোমেজ যোগ দিচ্ছেন ইতালির ক্লাব ফিওরেন্টিনায়। গতকাল ক্লাবের ওয়েবসাইটে বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ জানিয়েছে, দুই পক্ষে সমঝোতা হয়ে গেছে। সামনের সপ্তাহেই আনুষ্ঠানিক চুক্তি হবে। তবে গোমেজকে পেতে ঠিক কত টাকা খরচ করতে হয়েছে সেটা জানা যায়নি। ইতালিয়ান দৈনিক গাজেত্তো দেল্লো স্পোর্ত দাবি করেছে, অঙ্কটা ১ কোটি ৫০ লাখ ইউরো। দলবদলের চমক দেওয়া এক দিনে ঠিকানা বদলালেন বার্সেলোনা স্ট্রাইকার ডেভিড ভিয়া। গতকালই বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়া যোগ দিচ্ছেন অ্যাটলেটিকো মাদ্রিদে। ২০১০ সালে কাতালান ক্লাবটি ৪ কোটি ইউরোর বিনিময়ে কিনেছিল ভিয়াকে। তিন মৌসুম পরেই সেই ভিয়াকে ছেড়ে দিচ্ছে মাত্র ৫১ লাখ ইউরোতে! বার্সায় এসে ফর্মহীনতা ও চোটের কবলে পড়ায় ভিয়া অবশ্য নিজেকে হারিয়েই খুঁজছিলেন। নতুন ক্লাবে ভিয়ার ওপর গুরুদায়িত্ব, মোনাকোতে যাওয়া ফ্যালকাওয়ের শূন্যতা পূরণ করতে হবে তাঁকে! এএফপি, রয়টার্স।