নতুন তারিখ ১৮ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রস্তুত মাঠ শুধু বিশ্বকাপ নিয়েই শঙ্কা জাগাচ্ছে না, ঘরোয়া ক্রিকেটের সূচিতেও দিল ধাক্কা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগও পিছিয়ে গেল এতেই। গতকাল থেকে শুরু হওয়ার কথা লিগ শুরুর নতুন তারিখ ঠিক হয়েছে আগামী ১৮ ডিসেম্বর। কাল সিসিডিএমের এক সভা শেষে খবরটা জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান জি এস হাসান তামিম।প্রিমিয়ার ক্রিকেট লিগের জন্য ঢাকার মধ্যে আপাতত শুধু ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম আর বিকেএসপিই পাচ্ছে সিসিডিএম। এই দুই মাঠ ছাড়া ১৮ থেকে ২২ ডিসেম্বর লিগের প্রথম ও দ্বিতীয় পর্বের খেলা হবে বগুড়া আর রাজশাহীতেও। তামিম অবশ্য ঢাকার লিগ আবার ঢাকাতেই ফেরানোর ব্যাপারে আশাবাদী, ‘পরিস্থিতির কারণেই আমাদের ঢাকার বাইরে যেতে হচ্ছে। অন্য মাঠগুলো হাতে পেলে সব ম্যাচই এরপর ঢাকায় অনুষ্ঠিত হবে।’ধানমন্ডি মাঠ আর বিকেএসপির পাশাপাশি খেলা হওয়ার কথা ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও ফতুল্লা স্টেডিয়ামেও। কিন্তু গত ১২ ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবিকে জানিয়েছে, ফ্লাডলাইট ঠিকঠাক করার জন্য পরবর্তী ১০ দিন শেরেবাংলা স্টেডিয়ামে নিরবচ্ছিন্নভাবে কাজ করতে হবে। এ সময় মাঠে কোনো খেলা হলে এই কাজ বিঘ্নিত হবে। ওদিকে বিশ্বকাপ সামনে রেখে সংস্কারকাজ চলছে ফতুল্লা স্টেডিয়ামেও। স্টেডিয়ামের ড্রেসিংরুম এবং টয়লেটসহ অনেক কাজই শেষ হয়নি এখনো। ১৮ ডিসেম্বর লিগের প্রথম দিনে মোহামেডান-ওরিয়েন্ট ম্যাচ হবে ধানমন্ডিতে, বিমান-প্রাইম দোলেশ্বর রাজশাহীতে এবং আবাহনী-সূর্যতরুণ ম্যাচটি হবে বগুড়ায়।চার দিন পেছানোয় একটা লাভ অবশ্য হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়েরা খেলতে পারছেন লিগের শুরু থেকেই। জিম্বাবুয়ে সিরিজের পর কোচ খেলোয়াড়দের চার দিনের বিশ্রাম দিয়েছিলেন। ১৪ ডিসেম্বর লিগ শুরু হলে তাই প্রথম দুটি ম্যাচ খেলা হতো না জাতীয় দলের খেলোয়াড়দের।লিগ শেষ হওয়ার সম্ভাব্য তারিখ ৩১ জানুয়ারি। সুপার লিগ শুরু হওয়ার কথা ১৮ জানুয়ারি। ঢাকার বাইরের ম্যাচগুলোতে দলগুলোর যাওয়া-আসা, থাকা-খাওয়ার খরচ সিসিডিএমই বহন করবে। এর আগে ঢাকার বাইরে খেলার জন্য প্রতি ম্যাচে দলপ্রতি ৪৫ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। এবার সে অঙ্ক বাড়ানোর দাবি করেছে ক্লাবগুলো।লিগ পেছালেও বিভিন্ন দলের হয়ে খেলার জন্য অনেক বিদেশি খেলোয়াড় এরই মধ্যে ঢাকায় চলে এসেছেন। আবাহনীর হয়ে কুইন্সল্যান্ডের ব্যাটসম্যান লি কার্সেনডাইল তো গত পরশু আর কাল দুটি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছেন ওরিয়েন্ট ও ওল্ড ডিওএইচএসের পক্ষে। আবাহনীর আরেক বিদেশি ভারতীয় যশপাল সিং কাল ঢাকায় আসবেন বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তা জালাল ইউনুস। ঢাকার ক্রিকেটের আরেক বড় দল মোহামেডানে খেলতে এরই মধ্যে চলে এসেছেন ইংল্যান্ড ‘এ’ দলের মঈন আলী ও শ্রীলঙ্কার ফারভিজ মাহারুফ।এ ছাড়া গতবার মিসবাহ-উল হককে আনা গাজী ট্যাঙ্ক দলের হয়ে এবার দেখা যাবে দুই শ্রীলঙ্কান থারাঙ্গা পারানাভিতানা ও কৌশল্য বীরারত্নেকে। দুজনই বাঁহাতি ব্যাটসম্যান, বীরারত্নে আবার ডান হাতি মিডিয়াম পেসারও। এই দুজন ছাড়া গাজী ট্যাঙ্কের সঙ্গে চুক্তি হয়ে আছে চামিন্ডা ভাসেরও। বিশ্বকাপের প্রাথমিক দলে ডাক পাওয়ায় আপাতত তাঁর ঢাকা লিগ খেলতে আসার সম্ভাবনা নেই।প্রিমিয়ার লিগে বিদেশিদের মধ্যে এবার শ্রীলঙ্কানরাই বেশি থাকবেন বলে মনে হচ্ছে। বিমানের হয়ে খেলবেন জিহান মুবারক। তাদের আরেক বিদেশি পাকিস্তানি ব্যাটিং অলরাউন্ডার জিসান ভাট। দুজনই ক্লাবের সঙ্গে অনুশীলন শুরু করেছেন গত পরশু থেকে। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে জিহান মুবারক শ্রীলঙ্কায় ফিরে যেতে পারেন বলে পাকিস্তানের ইয়াসির হামিদকেও হাতে রেখেছে বিমান। সূর্যতরুণে এখন পর্যন্ত একমাত্র বিদেশি পাকিস্তানের রিজওয়ান কোরেশী।