টেলিভিশন সম্প্রচার স্বত্ব বিপণনে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় নতুন করে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাতিল করা হয়েছে আগের দরপত্র।বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস কাল টেলিফোনে বলেছেন, ‘আগের দরপত্রে অংশ নেওয়া স্পোর্টি সলিউশনস শর্ত পূরণ করতে পারেনি। আর ভারগো মিডিয়া যে দর প্রস্তাব করেছে, সেটা আমাদের প্রত্যাশার চেয়ে অনেক কম। আইনি পরামর্শ অনুযায়ী বোর্ড তাই যত দ্রুত সম্ভব নতুন করে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে।’ তবে নতুন দরপত্রের প্রক্রিয়া সময়মতো শেষ করা না গেলে নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজটি এককভাবে সম্প্রচারের (সিঙ্গেল প্রডাকশন) ব্যবস্থা নেবে বিসিবি।বিসিবির আগের দরপত্রে চার বছরের টেলিভিশন সম্প্রচার স্বত্বের জন্য ভারতের স্পোর্টি সলিউশনস ১৫ মিলিয়ন ডলার দর প্রস্তাব করলেও শর্ত মেনে ব্যাংক গ্যারান্টি দেয়নি তারা। আর বাংলাদেশের ভারগো মিডিয়ার (চ্যানেল নাইন) প্রস্তাব করা ছয় মিলিয়ন ডলার বিসিবির প্রত্যাশার চেয়ে অনেক কম। ভারগো মিডিয়া পরে নয় মিলিয়ন ডলার পর্যন্ত দিতে রাজি হলেও বিসিবি সেটি গ্রহণ করেনি। কারণ স্পোর্টি সলিউশনসের প্রস্তাবকৃত ১৫ মিলিয়ন ডলারের নিচে টেলিভিশন সম্প্রচার স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।