নতুন দিনের প্রতিনিধি সোহাগ

বাবার কাছ থেকে উপহার পাওয়া লাল ব্যাট দিয়ে যখন খেলতেন বাড়ির আঙিনায় বা খুলনার রাস্তায়, আন্তর্জাতিক ক্রিকেটে তখন বাংলাদেশের ম্যাচ মানেই ফল আগে থেকে জানা। বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে যখন খেলছেন বয়সভিত্তিক ক্রিকেটে, বাংলাদেশ তখন মাঠে নামত পরাজয়ের ব্যবধান কম রাখার লক্ষ্য নিয়ে। ‘ঈদের চাঁদ’-এর লম্বা বিরতি দিয়ে একেকটি জয় আসত। উৎসবে ভাসিয়ে দিত পুরো দেশকে। সেই সোহাগ গাজী যখন পা রাখলেন আন্তর্জাতিক আঙিনায়, ধরা দিতে শুরু করল একের পর এক জয়! এমনও নয় যে, সেসব জয়ের নীরব সাক্ষী তিনি। কখনো কখনো বরং সবাইকে ছাপিয়ে সবচেয়ে উজ্জ্বল। কাল সিরিজ জয় নিশ্চিত করা জয়েই যেমন ম্যাচ-সেরার নাম সোহাগ গাজী।
গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে সোহাগের ওয়ানডে অভিষেক। দলের প্রাণভোমরা সাকিব আল হাসানকে ছাড়াই ওই সিরিজ জিতল বাংলাদেশ। এরপর সিরিজ ড্র করে এল দেশের মাটিতে মহাপরাক্রমশালী শ্রীলঙ্কার সঙ্গে। জিম্বাবুয়েতে গিয়ে হেরে আসতে হয়েছে ২-১-এ। তবে সম্প্রতি ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকাকে হারানো নিউজিল্যান্ডের বিপক্ষেও অনায়াসে সিরিজ জিতে গেল বাংলাদেশ। সোহাগের অভিষেকের পর বৃষ্টিতে পরিত্যক্ত একটি ম্যাচ বাদ দিলে ওয়ানডেতে বাংলাদেশের জয়-পরাজয়ের হিসাব ৭-৫। এটিকে স্রেফ কাকতালীয় ভাবার কোনো কারণ নেই। সোহাগ ও সোহাগের মতো নতুনদের বড় অবদানেই এই নতুন বাংলাদেশ।
তারুণ্যের ঝান্ডা সবচেয়ে উঁচুতে রেখে এগিয়ে যাচ্ছেন সোহাগই। অভিষেক ওয়ানডেতেই চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ-সেরা। সাকিববিহীন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে, এই বিশ্বাসও জুগিয়েছিলেন। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার মাটিতে প্রথম শ্রীলঙ্কা-বধে জয়সূচক বাউন্ডারিটি এসেছিল তাঁর ব্যাট থেকেই। কাল ম্যাচ-সেরা হওয়ায় বোলিংয়ে ৩ উইকেটের বড় ভূমিকা থাকলেও অবদান রেখেছেন ব্যাটিংয়েও। পাওয়ার প্লেতে দিশা হারানো ইনিংসটাকে আড়াই শর কাছাকাছি নিয়ে গেছেন ২৪ বলে ২৬ রান করে। ওয়ানডের মতো টেস্টে এখনো সেভাবে জিততে শেখেনি বাংলাদেশ। তবে টেস্টের কঠিন জগতে সোহাগের বিচরণ আরও বেশি স্বচ্ছন্দ। অভিষেকে দেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তো অভাবনীয় এক কীর্তিতে স্থায়ী জায়গা করে নিয়েছেন ক্রিকেট ইতিহাসে। সোহাগ সত্যিকার অর্থেই বাংলাদেশের ক্রিকেটে নতুন দিনের সুযোগ্য প্রতিনিধি।
তাঁর বেড়ে ওঠার সময়ের বাংলাদেশের সঙ্গে নিজের সময়ের বাংলাদেশের তুলনায় অভিভূত সোহাগ নিজেও, ‘তখন যখন বাংলাদেশকে শুধু হারতে দেখতাম, খুব খারাপ লাগত। এখন তো আমরা নিয়মিতই জিতছি। দলের জয়ের চেয়ে বড় কিছু তো আর হতে পারে না। খুব ভালো লাগে। আসলে এই ভালো লাগা বোঝানোর ভাষা আমার জানা নেই।’
এই ‘ভালো লাগার’ বাংলাদেশ দলে সবচেয়ে ভালো পারফরমারদের একজন তিনি। পা রেখেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটকে আপন করে নেওয়া হার মানায় আসলে ‘এলাম, দেখলাম, জয় করলাম’কেও। তবে নিজের পারফরম্যান্সের ব্যাপারে বরাবরই বিনয়ী। আত্মতৃপ্তিকে সামান্য জায়গায় দিতে চান না ভাবনায়, ‘ভালো করলে তো ভালো লাগেই। তবে আমি মনে করি না, অনেক কিছু করে ফেলেছি। নিজেকে আরও এগিয়ে নিতে চাই, পারফরম্যান্সকে আরও অনেক ওপরে নিতে চাই।’
প্রথম ম্যাচে হারার পর সংবাদ সম্মেলনে আসেননি নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। এলেন না কালও। সিরিজের গতিপথের প্রতীকী হয়েই যেন সংবাদ সম্মেলনে পেসার কাইল মিলস। বেশ কবারই বললেন স্ববিরোধী সব কথা। বাংলাদেশে খেলতে এসে ওয়ানডে স্কোয়াডে মাত্র একজন স্পিনার রাখার পেছনে যুক্তিটি তো বিস্তর হাস্যরসের জন্ম দিল, ‘আমরা আসলে ২০১৫ বিশ্বকাপ সামনে রেখে দল গড়ে তুলছি। এটাই এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে ১৫ মাস পরে বিশ্বকাপ, সেটির সঙ্গে বাংলাদেশের এই সিরিজের কী সম্পর্ক, সেটি শুধু মিলসই বলতে পারবেন! হয়তো তিনিও পারবেন না। বাংলাদেশের বিপক্ষে টানা ছয়টি ওয়ানডে হেরে কিউইদের মাথা-টাথা বোধ হয় কাজ করছে না!