নতুন দিনের প্রত্যাশায় সুপার ইগলরা
মাঠে গড়িয়েছে কনফেডারেশনস কাপ। ফিফার কনফেডারেশনগুলোর লড়াই। মহাদেশীয় মহাযুদ্ধ। একই সঙ্গে এটি বিশ্বকাপের মহড়া টুর্নামেন্টও। ফিফা কনফেডারেশনস কাপের দলগুলো নিয়ে নতুন ধারাবাহিকের শেষ পর্বে থাকছে আফ্রিকা অঞ্চলের চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে নিয়ে বিশেষ ফিচার:
ফুটবল বিশ্বে একসময় বেশ শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করা হতো নাইজেরিয়াকে। কিন্তু সাম্প্রতিক সময়ে অনেকটাই ফিকে হয়ে গেছে তাদের দাপুটে ঐতিহ্য। বিস্ময়ের জন্ম দিয়ে দলটি ২০১২ সালের আফ্রিকান নেশনস কাপে অংশই নিতে পারেনি। অবশেষে সাফল্যের ধারায় ফিরেছে ‘সুপার ইগল’রা, ২০১৩ সালে আফ্রিকান নেশনস কাপে আবার ফিরেই তারা আবার মাথায় পরেছে শিরোপার মুকুট। ১৯৯৪ সালের পর প্রথমবারের মতো নাইজেরিয়া আফ্রিকান নেশনস কাপে চ্যাম্পিয়ন হয়ে ইঙ্গিত দিয়েছে নতুন দিনের। কনফেডারেশনস কাপকে তাই নাইজেরিয়া বানাতে চাইছে সেই নতুন দিনেরই বার্তাবাহী মঞ্চ।
এই তো কিছুদিন আগে বেতন-বোনাসের দাবিতে ধর্মঘট ডেকে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন নাইজেরিয়ার ফুটবলাররা। বোনাস হিসেবে যে টাকা দেওয়ার কথা ছিল তা অর্ধেক করে ফেলার প্রতিবাদে ব্রাজিলগামী বিমানে চাপতে অস্বীকৃতি জানিয়েছিলেন তাঁরা। অবশেষে কনফেডারেশনস কাপে নাইজেরিয়ার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে ফিফার সরাসরি হস্তক্ষেপে। ফুটবল ফেডারেশনের সঙ্গে নাইজেরিয়ার খেলোয়াড়দের বিরোধটা অবশ্য নতুন কিছু নয়। ২০১০ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর সব ধরনের আন্তর্জাতিক ম্যাচে নাইজেরিয়ার অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন দেশটির তত্কালীন প্রেসিডেন্ট। সে সময়ও ফিফাকে হস্তক্ষেপ করতে হয়েছিল নাইজেরিয়ার ফুটবলে। ফিফার চাপে পড়েই সেই নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়েছিলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট।
নাইজেরিয়ার সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ স্টিফেন কেশিও ত্যক্তবিরক্ত হয়ে থাকেন সব ব্যাপারে সরকার বা ফুটবল ফেডারেশনের হস্তক্ষেপের কারণে। এ বছর নাইজেরিয়াকে নেশনস কাপ জেতানোর পরপরই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি। পরে সেটা প্রত্যাহার করে নিলেও সম্প্রতি এক সাক্ষাত্কারে স্বাধীনভাবে কাজ না করতে পারা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন কেশি। এত সব বাধাবিপত্তি অতিক্রম করেও সুপার ইগলরা যদি ভালো পারফরম্যান্স দেখায়, তাহলে হয়তো সত্যিই নতুন দিনেরই সূচনা হবে দেশটির ফুটবল অঙ্গনে।