নতুন দুজন
রোনালদিনহোকে নিয়ে আপাতত আর কথা হচ্ছে না। হয়তো মুক্তমনে বসেছিলেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। কিন্তু বেচারা! চাপ থেকে মুক্তি মিলছে না তাঁর। রোনালদিনহোর ব্যাপারটা গেলেও নতুন চাপ এসে হাজির। নতুন দুই প্রতিভার সন্ধান পেয়েছেন ব্রাজিলিয়ান সাবেক ফুটবলাররা। দুঙ্গাকে পরামর্শ দিচ্ছেন এই দুই নতুন প্রতিভাকে বিশ্বকাপের দলে রাখতে।নেইমার ডা সিলভা ও পাওলো হেনরিক গানসোকে ব্রাজিলের নতুন দুই প্রতিভা বলে ধরা হচ্ছে। ১৮ বছর বয়সী নেইমার স্ট্রাইকার, উইঙ্গার হিসেবেও খেলেন। আর ২০ বছর বয়সী গানসো আক্রমণাত্মক মিডফিল্ডার। দুজনই সান্তোসে খেলেন। ব্রাজিলের পলিস্তা চ্যাম্পিয়নশিপে দুজনেই করেছেন ১০টি করে গোল। অসাধারণ ড্রিবলিংয়ের জন্যই মূলত নজর কেড়েছেন নেইমার। অনেকে তো এরই মধ্যে তাঁকে তুলনা করতে শুরু করেছে রবিনহোর সঙ্গে। এদিক দিয়ে অবশ্য গানসোই বেশি এগিয়ে। মাঠে তাঁর চলাফেরা এবং বল নিয়ে কারিকুরি দেখে গানসোকে অনেকে তুলনা করতে শুরু করেছেন ব্রাজিলের সাবেক অধিনায়ক সক্রেটিসের সঙ্গে। নেইমারকে বিবেচনা না করলেও দুঙ্গা যেন অন্তত গানসোকে নিয়ে ভাবেন—অনেক সাবেকেরই এ রকম প্রস্তাব।দুঙ্গার ব্রাজিল প্রতি-আক্রমণাত্মক ফুটবলে দুর্দান্ত। কিন্তু সম্প্রতি এতে দুর্বলতাই খুঁজে পেয়েছেন অনেকে। নিরেট রক্ষণ নাকি ভাঙতে পারছে না ব্রাজিলের আক্রমণভাগ। উদাহরণ হিসেবে বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়া, কলম্বিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে তিনটি ম্যাচেই গোলশূন্য ড্রয়ের ব্যাপারটি তুলে ধরা হয়েছে। এসবই যে মাঝমাঠে সৃষ্টিশীল খেলোয়াড়ের অভাবের কারণে, কলামিস্ট আলবার্তো হেলেনা জুনিয়র বলেছেন তেমনটাই, ‘জাতীয় দলের এখন আর সৃষ্টিশীল মিডফিল্ডার নেই। একমাত্র কাকা আছেন, তিনিও ফর্মহীনতায় ভুগছেন।’ হেলেনার বিশ্বাস, গানসো এ অভাবটা পূরণ করতে পারবেন।ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস আলবার্তো তোরেস বলছেন দুজনকেই বিশ্বকাপে নিতে, ‘আমি হলে কোনোরকম ভয় ছাড়াই দুজনকেই নিয়ে নিতাম। ওরা দুজনেই জানে কীভাবে ফুটবল খেলতে হয়। জাতীয় দল সেরাদের জায়গা, ওদের নেওয়া উচিত।’রোনালদিনহোর ব্যাপারে দুঙ্গা অনেক কিছুই বলেছেন, তবে এ নিয়ে দুঙ্গা এখনো কিছু বলেননি। তবে তাঁর হয়ে কথা বলে দিয়েছেন সম্ভবত পেলেই, ‘সান্তোস দলটি এখনো কোনো দক্ষিণ আমেরিকান দলের বিপক্ষে খেলেনি। ওরাও আর্জেন্টিনা, উরুগুয়ে বা প্যারাগুয়ে কিংবা ইউরোপে খেলেনি। এই অভিজ্ঞতা বিশ্বকাপে প্রয়োজন। কিন্তু ওদের এটা নেই।’ ওয়েবসাইট।