নতুন দুশ্চিন্তা
‘কন্ডিশন’ ব্যাপারটা ক্রিকেটেই আলোচিত হয় বেশি। খেলা শুরুর আগে তাপমাত্রা, আর্দ্রতা, মেঘ আছে কি না, পিচ কেমন—এসব নিয়ে গুরুগম্ভীর আলোচনাও হয়। আরও অনেক কিছুর মতো ক্রিকেটের সঙ্গে ফুটবলের পার্থক্য এখানেও।কিন্তু দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ বোধহয় ফুটবলের সঙ্গে মিলিয়ে দিতে চলেছে ক্রিকেটকে। অন্তত কন্ডিশন নিয়ে আলোচনায়। কারণটাও পরিষ্কার। গত ১৮টি বিশ্বকাপের বেশির ভাগই খেলা হয়েছে উষ্ণ আবহাওয়ায়। কিন্তু এবার বিশ্বকাপটা হবে এমন এক সময়ে, যখন দক্ষিণ আফ্রিকায় শীতকালের মাঝামাঝি। সমুদ্রপারের ভেন্যুগুলোর কন্ডিশন থাকবে ভেজা। বাতাস থাকবে ঝোড়ো। এবং এই কন্ডিশনের সবচেয়ে বড় সুবিধা পাবে জার্মানি আর ইংল্যান্ড।বিশেষ করে পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে খেলতে নামার সময় ইংল্যান্ডের মনে হতেই পারে, তারা আসলে খেলছে নিউক্যাসলে নিজের স্টেডিয়ামে, জার্মানির জন্য সেই মাঠ হয়ে যেতে পারে হামবুর্গ! ৪৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে ম্যাচ আছে আটটি। এর মধ্যে আছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও।গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচ হবে এ মাঠে। ১২ জুন দক্ষিণ কোরিয়া-গ্রিস দিয়ে শুরু। ১৫ জুন আইভরিকোস্ট-পর্তুগাল, ১৮ জুন সার্বিয়া-জার্মানি, ২১ জুন চিলি-সুইজারল্যান্ড এবং ২৩ জুন স্লোভেনিয়া-ইংল্যান্ড। এর পর আছে দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচ, একটি কোয়ার্টার ফাইনাল এবং সবশেষে স্থান নির্ধারণী সেই ম্যাচ।পোর্ট এলিজাবেথ ছাড়াও দক্ষিণ আফ্রিকার সমুদ্র-তীরবর্তী দুটো শহর কেপটাউন, ডারবানে ম্যাচ আছে। এসব ভেন্যুতে গ্রীষ্মপ্রধান দেশগুলোর সমস্যা হতে পারে। সমুদ্রের কাছাকাছি থাকাটাই শুধু সমস্যা নয়। সমস্যা দূরবর্তী শহরগুলোতেও। সমুদ্রপৃষ্ঠ থেকে যেগুলোর উচ্চতা বেশি। বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনার মতো দেশগুলোর জন্য আরেক দুশ্চিন্তার নাম হবে উচ্চতা। ‘বি’ গ্রুপে পড়া আর্জেন্টিনার দুটো ম্যাচ জোহানেসবার্গে, সমুদ্রপৃষ্ঠ থেকে যে ভেন্যু ১৭০০ মিটার উঁচুতে। আরেকটি ম্যাচ পোলকওয়েনে, সমুদ্রপৃষ্ঠ থেকে যেটির উচ্চতা ১২৩০ মিটার। স্পেন, ব্রাজিলকেও দুটো ম্যাচ খেলতে হবে উঁচুতে।এদিক দিয়ে সুবিধাজনক অবস্থায় আছে ইংল্যান্ড, জার্মানি ও নেদারল্যান্ড। যাঁদের গ্রুপ পর্বে মাত্র একটা ম্যাচ খেলতে হবে উঁচুতে। সবচেয়ে সুবিধাজনক অবস্থায় পর্তুগাল, যাদের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই পোর্ট এলিজাবেথ, কেপটাউন আর ডারবানে হওয়ায় উঁচুতে কোনো ম্যাচ খেলতে হবে না।বিশ্বকাপের মহড়া টুর্নামেন্ট কনফেডারেশনস কাপে খেলতে এসে এই উচ্চতা সমস্যার সঙ্গেও মহড়া দিয়েছে অংশ নেওয়া দলগুলো। গ্রুপ পর্বই পেরোতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। ব্যর্থতার কারণ হিসেবে আরও অনেক কিছুর সঙ্গে উচ্চতার কথা বলতে ভোলেননি কোচ মার্সেলো লিপ্পি।বিশ্বকাপের বল নির্মাতা অ্যাডিডাস জানিয়েছে, আগামী বিশ্বকাপে উচ্চতা একটা বড় প্রভাবক হিসেবে কাজ করবে। যেটি বলের গতিতে প্রভাব ফেলবে ৫ শতাংশ। যেমন, ফাইনালের ভেন্যু জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে ২০ গজ দূরে থেকে নেওয়া কিক ৫ শতাংশ দ্রুতগতিতে ছুটবে। সাধারণ উচ্চতায় যে বলের গতি ঘণ্টায় হতো ৭৪ মাইল, এই উচ্চতায় সেটি বেড়ে দাঁড়াবে ৭৮ মাইলে।ব্যবধানটা হয়তো সামান্যই। কিন্তু ‘কন্ডিশন’ এবার কোচদের মাথা ঘামানোর তালিকায় থাকবে ওপরের দিকেই। ওয়েবসাইট।