নতুন দ্বৈরথে পুরোনো যোগাযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি দলই পরস্পরের খুব চেনা হয়েও যেন একটু অচেনা। কেননা ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার এ পর্যন্ত মাঠে ছয়বার দেখা হলেও সেগুলোর সবই ছিল প্রীতি বা প্রদর্শনী ম্যাচ। প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে আজই তারা প্রথম মুখোমুখি হচ্ছে। সিটি চ্যাম্পিয়নস লিগে খেলছে এ নিয়ে তৃতীয়বার। আগের দুবার গ্রুপ পর্বই পেরোতে পারেনি। ফুটবল বিধাতার আশীর্বাদে এবার সেই বাধা টপকেও সিটি যে একটু দুর্ভাগাই!
নয়তো প্রথম গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বেই কেন তাদের পড়তে হবে বার্সেলোনার সামনে! চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে বেয়ার লেভারকুসেন ও প্যারিস সেন্ট জার্মেইও (পিএসজি)। কিন্তু নামের ভার, ম্যাচপূর্ব উন্মাদনায় সিটি-বার্সার ম্যাচের কাছে লেভারকুসেনের বেঅ্যারেনার ওই ম্যাচটা যেন নিরুত্তাপ।
মহারণের আগে দুই দলের প্রস্তুতিই হয়েছে দারুণ। শনিবার সিটি হারিয়েছে চেলসিকে। একই দিনে বার্সেলোনা রায়ো ভায়েকানোকে ভাসিয়েছে গোলবন্যায় (৬-০)। মেসি-পেদ্রো-সানচেজ-নেইমার প্রত্যেকেই গোল করেছেন। নেই চোট শঙ্কাও। বার্সা কোচ জেরার্ডো মার্টিনো সিটি-পরীক্ষার জন্য উদ্বিগ্ন নন, ‘খুব ভালো ফর্ম নিয়ে আমরা এই ম্যাচে এসেছি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় দাঁড়ানোর সম্ভবত এটাই সেরা মুহূর্ত। কাজেই আমরা স্বচ্ছন্দে প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আশা করতেই পারি। বিশেষ করে শারীরিকভাবে। দলের প্রত্যেকেই পাওয়া এবং ভালো অবস্থায় থাকাটা বোনাস।’ অধিনায়ক কার্লোস পুয়োলের কণ্ঠেও একই সুর। তবে বার্সার জন্য হতাশার তথ্য, অ্যাওয়ে ম্যাচে কখনোই ইংলিশ দলগুলোকে হারাতে পারেনি তারা (ফাইনাল ছাড়া)।
ঘরের মাঠে সিটির জন্য অনুপ্রেরণা প্রথমবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্নও। কিন্তু সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি বার্সার গুণগানই গেয়েছেন আগে, ‘বার্সার যে দল, যেকোনো কোচই ওরকম একটা দল পেতে চাইবে। বার্সার আছে ১২ জন বিস্ময়কর খেলোয়াড়।’
সিটি-বার্সার দ্বৈরথে মসলার স্বাদ দিচ্ছে দুই দলের পুরোনো যোগাযোগও। সিটিতে আসার আগে পেলেগ্রিনি ৯ বছর কাটিয়েছেন স্পেনে। ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ, মালাগার কোচ হিসেবে ২২ বার বার্সেলোনার মুখোমুখি হয়ে জিতেছেন মাত্র চার ম্যাচ। সিটির ফুটবল পরিচালক বেগিরিস্তেইন তো বার্সেলোনার ঘরের লোকই। ২০১০ সাল পর্যন্ত সাত বছর ছিলেন বার্সার ফুটবল পরিচালক। এর আগে খেলোয়াড় হিসেবে বার্সার হয়ে ১৯৯২ চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন অসংখ্য শিরোপা। সিটির আইভরি কোস্ট মিডফিল্ডার ইয়া তোরে তিন বছর খেলেছেন বার্সেলোনাতেই। অ্যাটলেটিকো মাদ্রিদে থাকতে সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো ১০ বার মুখোমুখি হয়েছেন বার্সেলোনার। গোলও করেছেন পাঁচটি। বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে চার বছর ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেলেও নগরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি অবশ্য হননি। তবে সেস্ক ফ্যাব্রিগাস আর্সেনালের হয়ে ১৩ বার মুখোমুখি হয়েছেন সিটির। নয় ম্যাচেই ফ্যাব্রিগাস জয় নিয়ে মাঠ ছেড়েছেন। সামির নাসরি, নাভাসদের অভিজ্ঞতা আছে বার্সেলোনার বিপক্ষে খেলার।
ওদিকে জার্মানিতে নিঃসন্দেহে লেভারকুনেসের বড় আতঙ্ক হবেন ইব্রাহিমোভিচ। পিএসজিকে গ্রুপ চ্যাম্পিয়ন করতে সুইডিশ স্ট্রাইকার করেছেন ৮ গোল। গ্রুপপর্বে তাঁর চেয়ে বেশি গোল কেবল ক্রিস্টিয়ানো রোনালদোর (৯)। এএফপি।
আ জ মু খো মু খি
লেভারকুসেন : পিএসজি
ম্যান সিটি : বার্সেলোনা
• প্রথমে স্বাগতিক দল