নতুন নামে ‘ওল্ড ট্রাফোর্ড’
ওল্ড ট্রাফোর্ড বললে ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডের নামটাই হয়তো আগে মনে পড়বে। যদিও প্রতিবেশী কাউন্টি ক্রিকেট দল ল্যাঙ্কাশায়ারও এই নামটা ভাগাভাগি করে ইউনাইটেডের সঙ্গে। তবে ল্যাঙ্কাশায়ারের মাঠের নামটা আর ওল্ড ট্রাফোর্ড থাকছে না, সেটা হয়ে যাচ্ছে ‘এমিরেটস ওল্ড ট্রাফোর্ড’। নামটা চিরস্থায়ী অবশ্য হচ্ছে না, আপাতত ১০ বছরের জন্য ১ কোটি পাউন্ডে ওল্ড ট্রাফোর্ড মাঠের সঙ্গে স্পনসরশিপ চুক্তি করেছে এমিরেটস এয়ারলাইনস। ইংলিশ ক্রিকেটে এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় অঙ্কের চুক্তি। ল্যাঙ্কাশায়ারের টি-টোয়েন্টির জার্সিতেও লেখা থাকবে দুবাইভিত্তিক এই বিমানসংস্থার নাম। আগামী অ্যাশেজের তৃতীয় টেস্টের ভেন্যু ক্লাইভ লয়েড, ওয়াসিম আকরামদের স্মৃতিধন্য এই মাঠ। এর আগেও এমিরেটস আরও বেশ কয়েকটি ক্লাবের সঙ্গেই এমন চুক্তি করেছে। আর্সেনালেরটাই বেশি পরিচিত, ক্রিকেটেও ডারহামের মাঠের নাম এমিরেটসের নামেই। এএফপি।