নতুন নিয়মে এবার জাতীয় বাস্কেটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি ইনডোর জিমনেসিয়ামে কাল শুরু হচ্ছে ২৫তম জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। পৃষ্ঠপোষক সিটিসেল জেলা দলগুলোকে খেলায় আরও উৎসাহ জোগাতে এবার প্রতিযোগিতার ফরম্যাটে পরিবর্তন এনেছে। খেলা হবে মোট চারটি ধাপে।প্রথম ধাপে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ ও বিকেএসপি। এই দুই গ্রুপের সেরা চারটি দল অংশ নেবে চতুর্থ বা চূড়ান্ত ধাপে। দ্বিতীয় ধাপে অংশ নিচ্ছে ১৪টি জেলা—খুলনা, যশোর, রাজশাহী, নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, সাতক্ষীরা, ময়মনসিংহ, রংপুর, নরসিংদী, চট্টগ্রাম, কুষ্টিয়া ও গাজীপুর। চার গ্রুপে ভাগ হয়ে খেলবে এই দলগুলো। এই চার গ্রুপের শীর্ষ চার দল সুযোগ পাবে তৃতীয় ধাপে। প্রথম ধাপের শেষ দুই দল এবং দ্বিতীয় ধাপের সেরা চারটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে তৃতীয় ধাপে।প্রথম ধাপের সেরা চারটি দল এবং তৃতীয় ধাপের সেরা দুটি দলসহ মোট ৬ দল চূড়ান্ত ধাপে খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। এখানকার সেরা দুটি দল মুখোমুখি ফাইনালে। কাল সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কমান্ডার এ কে সরকার (অব.) জানান, ‘জেলা দলগুলোর সঙ্গে সার্ভিসেস দলগুলোর অনেক ব্যবধান। তাই জেলা দলগুলো পরে খেলায় আগ্রহ হারিয়ে ফেলে। এ জন্যই নতুন ফরম্যাট করা হয়েছে।’