নতুন নিয়মে ডিআরএস
গত জুলাইয়ে এডিনবরায় আইসিসির সভায়ই ঠিক হয়েছিল, বদলে যাচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। এলবিডব্লু নিয়ে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে এসেছে কিছু পরিবর্তন, যা বোলারদের পক্ষেই যাবে বলে মনে করা হচ্ছে। আগের নিয়ম ছিল, পায়ে লাগা বলের অর্ধেক অংশ অফ স্টাম্পের মাঝখান থেকে লেগ স্টাম্পের মাঝখানে থাকলেই এলবিডব্লু দেওয়া হতো। এখন থেকে পায়ে লাগা বলের অর্ধেক অংশ অফ স্টাম্পের বাইরে থেকে লেগ স্টাম্পের বাইরের অংশের মধ্যে থাকলেই এলবিডব্লু আউট দেওয়া হবে।
নতুন এই ডিআরএস প্রথম মাঠে দেখতে পাবেন আগামীকাল দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড ওয়ানডেতে। ২২ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে এই নিয়ম, কিন্তু ঘরের মাটিতে ভারত ডিআরএস ব্যবহার করে না বলে গত পরশু শুরু হয়ে যাওয়া ভারত-নিউজিল্যান্ড টেস্টে এটি দেখা যাচ্ছে না। জুলাইয়ের সভায় বদল এসেছে খেলোয়াড়দের ‘কোড অব কন্ডাক্ট’ ভাঙার শাস্তিতেও। নিয়ম ভাঙলেই খেলোয়াড়দের খাতায় যোগ হবে ‘ডিমেরিট পয়েন্ট’, যা যোগ হয়ে বিভিন্ন মেয়াদের শাস্তি নির্ধারিত হবে। ক্রিকইনফো।