নতুন নিয়মের শৃঙ্খলে পিস্টোরিয়াস
মুক্তি দিয়েও অস্কার পিস্টোরিয়াসের পায়ে শেকল পরাল আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা (আইএএএফ)। সুস্থ-সক্ষম প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পিস্টোরিয়াসের দৌড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল সংস্থাটি। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় তারা। সেই পিস্টোরিয়াস যখন আজ শুরু বিশ্ব চ্যাম্পিয়নশিপে এসেছেন প্রথমবারের মতো অংশ নিতে, তাঁকে পরতে হলো নতুন নিয়মের শৃঙ্খল। ৪–৪০০ মিটার রিলে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে দৌড়ানোর কথা পিস্টোরিয়াসের। কিন্তু আইএএএফ নিয়ম করেছে, পিস্টোরিয়াসকে দৌড়াতে হবে প্রথম লেগেই। বাকি খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএএএফ। ১১ মাস বয়সেই দুই পা হারানো পিস্টোরিয়াস দৌড়ান ফাইবারের তৈরি বিশেষ ধরনের পা দিয়ে, যা বাঁকানো। সেই পায়ে আঘাত লেগে বাকি প্রতিদ্বন্দ্বীরা আহত হতে পারেন বলে শঙ্কা আইএএএফের। এএফপি।