নতুন পথ খুঁজছেন আর্মস্ট্রং
বৃহস্পতিবার ল্যান্স আর্মস্ট্রং লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্রের ডোপিং নির্মূল এজেন্সি (ইউএসএডিএ) জানাল খবরটা—আর্মস্ট্রংকে আজীবন নিষিদ্ধ করা হবে। কেড়ে নেওয়া হবে ১৯৯৯ থেকে ২০০৫-তে তাঁর জেতা ট্যুর ডি ফ্রান্সের সাতটি শিরোপাও।পরশু ‘ড্রাগ প্রতারক’ হিসেবে আর্মস্ট্রংকে সাইক্লিংয়ে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। সঙ্গে ১৯৯৮ সালের ১ আগস্টের পর জেতা তাঁর সব শিরোপাই কেড়ে নেওয়া হয়েছে। এর মধ্যে তাঁর জেতা ট্যুর ডি ফ্রান্সের সাত শিরোপা তো আছেই, আছে ২০০০ সালে সিডনি অলিম্পিকে জেতা ব্রোঞ্জসহ অন্যান্য শিরোপা, প্রাইজমানি এবং বিভিন্ন সময়ে পাওয়া অন্য সব পুরস্কার। মানে, যেসব কীর্তি তাঁকে বসিয়েছিল কিংবদন্তির আসনে, তার কিছুই আর তাঁর নিজের বলে থাকল না।সবকিছু হারিয়ে এই সাইক্লিস্ট কিংবদন্তির জীবনে এখন অন্য মোড়। আর্মস্ট্রংও গতকাল জানিয়ে দিয়েছেন, ক্যারিয়ারটা সাজাবেন নতুন করে। আর্মস্ট্রংয়ের বিরুদ্ধে ডোপ নেওয়ার অভিযোগ ওঠে আগেই। সর্বশেষ গত জুনে নতুন করে তাঁর বিরুদ্ধে ডোপ নেওয়ার অভিযোগ তোলে ইউএসএডিএ। আর্মস্ট্রং ইউএসএডিএর বিরুদ্ধে মামলা করলেও গত বৃহস্পতিবার নিজেই জানিয়েছেন, এ নিয়ে আর লড়াই করবেন না। লড়াই থেকে সরে দাঁড়ানোর অর্থ, কার্যত অভিযোগ স্বীকার করে নেওয়া। ইউএসএডিএ-ও তাঁকে ‘ডোপপাপী’ আখ্যায়িত করেই আজীবন নিষিদ্ধ করেছে।তবে সমর্থক-শুভানুধ্যায়ীদের কাছ থেকে আর্মস্ট্রং সহানুভূতিই পাচ্ছেন। তাঁর গড়া প্রতিষ্ঠান ‘ল্যান্স আর্মস্ট্রং ফাউন্ডেশনের’ অনুদান প্রাপ্তির পরিমাণ বেড়ে যাওয়া সেটাই বলে। আর্মস্ট্রং বৃহস্পতিবার ওই ঘোষণা দেওয়ার পর পরশু ফাউন্ডেশনে অনুদান জমা পড়েছে অনেক বেশি।অন্য রকম প্রতিক্রিয়াও অবশ্য হচ্ছে। অস্ট্রেলিয়ার অলিম্পিক সোনাজয়ী মহিলা সাঁতারু স্টেফানি রাইস যেমন বলছেন, ‘ল্যান্স আমার কাছে ছিল বড় এক অনুপ্রেরণা। আমি জানি না, এখন কী ভাবব।’ এএফপি