নতুন পদ্ধতিতে পুরোনো লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ী বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল মৌখিক সম্মতি দিয়েছেন। বোর্ডের অনুমোদনও আনুষ্ঠানিকতামাত্র। আট বিভাগীয় দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জাতীয় লিগের ধারণা বদলে এখন পরিণতি পাওয়ার পথে চারটি আঞ্চলিক দলকে নিয়ে চার দিনের ম্যাচের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট। তবে সেটা মাঠে নামবে নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর। আর ২০ অক্টোবর থেকে অনেকটা আগের চেহারাতেই শুরু হচ্ছে আসল জাতীয় লিগ।আগের চেহারা মানে সেই বিভাগীয় দলগুলোই খেলবে বিসিবির টুর্নামেন্ট কমিটির অধীনে। ম্যাচ ফি ২০ হাজার টাকা, দৈনিক ভাতা এক হাজার টাকা। তবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আর জাতীয় লিগ মিলিয়ে ম্যাচের সংখ্যা বেড়ে যাবে বলে এবারের জাতীয় লিগ হবে সিঙ্গেল লিগ। বোনাস পয়েন্টের নিয়মেও পরিবর্তন হবে। প্রতিপক্ষকে বোনাস পয়েন্ট না দিতে দলগুলোর মধ্যে ‘অসদুপায়’ অবলম্বনের প্রবণতা দেখা গেছে অতীতে। যেমন অলআউট হলে প্রতিপক্ষ বোলিংয়ে বেশি বোনাস পেয়ে যায় বলে কোনো দল হয়তো ৯ উইকেটে ৯৮ রান করেই ইনিংস ঘোষণা করেছে। এতে দীর্ঘ পরিসরের ক্রিকেটের আসল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে বলে মনে করে টুর্নামেন্ট কমিটি। বোনাস পয়েন্টের নিয়মে পরিবর্তন সে কারণেই।বোনাস পয়েন্টের তুলনায় সরাসরি জয়ের পয়েন্ট বাড়তে পারে। আগে সরাসরি ম্যাচ জিতলে একটা দল পেত ৮ পয়েন্ট, এবার সেটা বাড়িয়ে ১২ পয়েন্ট করার চিন্তাভাবনা হচ্ছে। উল্টোটাও হতে পারে। সরাসরি জয়ের পয়েন্ট কমিয়ে বোনাস পয়েন্টের মানও আগের চেয়ে কমিয়ে দেওয়া হতে পারে অনেক। একইভাবে পরিবর্তন হতে পারে প্রথম ইনিংসে লিড নেওয়া ও পিছিয়ে থাকা দলের পয়েন্ট এবং টাই বা পরিত্যক্ত ম্যাচের পয়েন্টও।আগে ব্যাটিং বোনাস ছিল ২০১ থেকে ২৫০ রান করলে ১, ২৫১ থেকে ৩০০ করলে ২, ৩০১ থেকে ৩৫০ করলে ৩ ও ৩৫১ বা তার বেশি করলে ৪। এবার হয়তো ২৫১-এর নিচে রান করলে কোনো বোনাস পয়েন্টই থাকবে না। ২৫১ থেকে ৩০০ করলে ১, ৩০১ থেকে ৩৫০ রানের জন্য ২ এবং ৩৫১ বা তার বেশি করলে ৩—বোনাস পয়েন্টের এমন কোনো নতুন হিসাবই হয়তো আসবে এবার। কিংবা অন্যকিছু। তবে বোনাস পয়েন্টের উদ্দেশে খেলার মেজাজ নষ্ট না করে দলগুলো যাতে সরাসরি জয়ে উৎসাহী হয়, পয়েন্ট পদ্ধতিতে সে ব্যবস্থা রাখা হবে নিশ্চিত। টুর্নামেন্ট কমিটির প্রধান গাজী আশরাফ হোসেন আভাস দিয়েছেন, ‘বোনাস পয়েন্ট পদ্ধতিতে কিছু পরিবর্তন আনার চিন্তাভাবনা চলছে। একইভাবে সরাসরি জয়ের পয়েন্টও আগের তুলনায় বাড়ানো হতে পারে।’পয়েন্ট পদ্ধতি পরিবর্তন ছাড়া জাতীয় লিগ নিয়ে আপাতত কোনো চ্যালেঞ্জ নেই টুর্নামেন্ট কমিটির সামনে। বিসিবি প্রতি বিভাগ থেকে ১৫ জন করে খেলোয়াড়কে বেতনের আওতায় নিয়ে আসায় দলগুলো একরকম হয়েই আছে। উইকেটকিপার ভাগ করে দেওয়া কিংবা নিজ বিভাগের দলে সুযোগ পাচ্ছেন না, এমন কিছু খেলোয়াড়ের ক্ষেত্রেই কেবল হস্তক্ষেপ করবে বোর্ড।ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ২০ অক্টোবর ও ২ নভেম্বর থেকে শুরু লিগের প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন জাতীয় দলের খেলোয়াড়েরা। ফিটনেসের ব্যাপারে ফিজিওর রিপোর্ট না থাকলে সবার জন্যই জাতীয় লিগে খেলাটা বাধ্যতামূলক। তবে দুই হাঁটুতে সাতবার অস্ত্রোপচার করা মাশরাফি বিন মুর্তজা এখনই দীর্ঘ পরিসরের ক্রিকেটে ফিরতে চান না। সব ঠিক থাকলে আগামী বছর থেকে সেটা শুরুর ইচ্ছার কথা জানিয়েছিলেন কিছুদিন আগে। যদিও গাজী আশরাফ দিলেন অন্য ইঙ্গিত, ‘মাশরাফির সঙ্গে কথা বলে দেখব। বল না করুক, ও যদি একটা দলের সঙ্গে থাকে...ওপরের দিকে ব্যাট করে, তাতে দলটার যেমন লাভ হবে, মাশরাফিও আস্তে আস্তে দীর্ঘ পরিসরের ক্রিকেটে অভ্যস্ত হয়ে উঠবে। হঠাৎ করে এসে টেস্ট খেলাটা নয়তো কঠিন হবে ওর জন্য।’