নতুন পরীক্ষার সামনে ম্যারাডোনা
সবচেয়ে সফল দলের নাম আল-আইন। এখনকার সবচেয়ে শক্তিশালী দলের নাম আল-জাজিরা। কিন্তু আল-আইন নয়, নয় আল-জাজিরাও; আলোচনার কেন্দ্রে অন্য একটি দল! না, বিস্মিত হবেন না। সেই দলের কোচের নাম যে ডিয়েগো ম্যারাডোনা।গতকাল রাতে শুরু হয়ে গেছে আরব আমিরাত ফুটবল লিগের ৩৭তম আসর। অবশ্য পেশাদার লিগ শুরু হয়েছে মাত্রই চার বছর আগে। এর আগে বিশ্বের অন্যতম ধনী এই দেশটির ফুটবল লিগ ছিল অপেশাদার। সেই সময়টাতেই স্বর্ণযুগ ছিল আল ওয়াসলের। দ্বিতীয় সর্বোচ্চ সাতবার লিগ জিতেছে তারা, সাতবারই এই সময়ে। সর্বশেষ জিতেছে ২০০৬-০৭ মৌসুমে।আরব আমিরাতের ফুটবলে নিজেদের সেই দাপট আবার ফিরিয়ে আনতে চায় ক্লাবটি। এ কারণে মোটা অঙ্কের টাকা বেতন দিয়ে আনা হয়েছে ম্যারাডোনাকে। নিজের পছন্দমতো বেশ কজন বিদেশি ফুটবলারও কিনে এনেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। এবার ফল দেওয়ার পালা।আল ওয়াসলের কোচ হিসেবে অবশ্য এরই মধ্যে ইতিসালাত কাপে চারটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন ম্যারাডোনা। চার ম্যাচে জয়-পরাজয় সমান। এমন অধারাবাহিক পারফরম্যান্সের পরও ম্যারাডোনাকে ‘আস্থা ভোট’ দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবে এও সত্যি, কোচের ওপর ধৈর্য রাখার সংস্কৃতি আরব ফুটবলেই নেই। গত মৌসুমেই আরব আমিরাতে শীর্ষ ১২ দলের মাত্র দুজন কোচ টিকিয়ে রাখতে পেরেছিলেন চাকরি!ইতিসালাত কাপের গত ম্যাচে শেষ ১৭ মিনিটের মধ্যে ৫ গোল খেয়ে আল ওয়াসল হেরে যাওয়ার পর অনেকে ম্যারাডোনার চাকরিও সংশয়ে পড়ে গেছে বলে মনে করছেন। তবে কর্তৃপক্ষের কাছে আস্থা ভোট পাওয়ার পর ম্যারাডোনাকেও মনে হয়েছে আত্মবিশ্বাসী, ‘আমি আল ওয়াসলের সঙ্গে আছি। চুক্তির শেষ দিন পর্যন্ত থাকব। সব সময় নিজের সেরাটা দিয়ে যাব। ৫-০-তে হেরে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলেছে। তবে কে কী বলল, সেটা নিয়ে আমি মাথা ঘামাই না।’ রয়টার্স।