ঘড়ির কাঁটায় তখন ২৫ মিনিট। বক্সের সামনে বাইরে থেকে নেইমারের ঠেলে দেওয়া বল বাঁয়ে টেনে নিয়ে এগিয়ে গেলেন কাকা। আলতো পাসে বল ঠেলে দিলেন অস্কারের উদ্দেশে। অস্কার না চাইলেও গোলটা হতো! এতটাই সহজ ছিল সেই গোল। কাকা-অস্কারের যৌথ প্রযোজনার পর উদ্যাপনটাও হলো একসঙ্গে। বয়সে তাঁর চেয়ে নয় বছরের ছোট অস্কারের সঙ্গে সমান উত্তেজনা নিয়েই উদ্যাপন করলেন কাকা। হলো ‘হাই ফাইভ’।এক মুহূর্তের জন্য প্রতীকী হয়ে গেল দৃশ্যটি। জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ যখন খেলেছিলেন, কাকার কাছেই ছিল সেই পরম প্রার্থিত দশ নম্বর জার্সি। সেটি এখন অস্কারের দখলে। দুই বছর পর দলে ফেরা কাকা পেয়েছেন আট। কিন্তু তাতেও খুশি এই প্লেমেকার। অস্কারের সঙ্গে হাতে হাত মিলিয়ে যেন নতুন একটা প্রজন্মের সঙ্গেই মিশে যেতে চাইলে। নেইমার, অস্কার, পলিনহো—এদের সঙ্গে খেলার অভিজ্ঞতা হলো এই প্রথম। আর সেই প্রথম অভিজ্ঞতাতেই সাবেক ফিফা বর্ষসেরা রীতিমতো মুগ্ধ-বিস্মিত। পরশু ইরাকের সঙ্গে খেলেছে ব্রাজিল। বিশ্বকাপের পর এই প্রথম ব্রাজিলের হয়ে খেলা কাকায় অনুপ্রাণিত হয়ে মানো মেনেজেসের দল উড়িয়ে দিয়েছে ইরাককে। প্রীতি ম্যাচে ইরাক রীতিমতো পড়ে গিয়েছিল অপ্রীতিকর অবস্থায়। হজম করছিল একের পর এক গোল। ২১ আর ২৬ মিনিটে জোড়া গোল করে অস্কার আপাতদৃষ্টিতে নায়ক। কিন্তু নতুন প্রজন্মের সঙ্গে সুর মিলিয়ে দুর্দান্ত খেলা কাকা শেষ পর্যন্ত কেড়ে নিচ্ছেন আলো। দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সের বাঁয়ে দুরূহ কোণ থেকে নিখুঁত ফিনিশিংয়ে দারুণ একটা গোল করেছেন। পরে হাল্ক, নেইমার আর লুকাসও পূর্ণ করেছেন আধডজন গোল। কিন্তু ‘কাকা কেমন করেন’ এই কৌতূহল নিয়ে ম্যাচ দেখতে বসা দর্শকদের মুগ্ধ করেছেন রিয়াল মাদ্রিদের প্লেমেকার। কাকা নিজে অবশ্য তাঁর সবটুকু মুগ্ধতা নেইমার-অস্কারদের জন্য বরাদ্দ করলেন। নেইমার নামের আশ্চর্য প্রতিভার সঙ্গে মাত্রই কিছুদিন আগে সামনা-সামনি দেখা হয়েছে, পরশু খেললেন প্রথম। কিন্তু দুজনের মধ্যে বোঝা-পড়া ছিল অবিশ্বাস্য। যেন নেইমারকে পাড়ার গলির ছোট ভাইয়ের মতো চেনেন। ম্যাচ শেষে কাকা বলেছেন, ‘আমি বিশ্বাস করি নতুন প্রজন্ম সত্যিই দুর্দান্ত। নিজে একটা গোল করেও খুশি। প্রতিপক্ষ যে দলই হোক, ম্যাচটি আমাদের জন্য ছিল গুরুত্বপূর্ণ। ম্যাচটি আমরা অনেক গুরুত্বের সঙ্গেই নিয়েছিলাম। ভালো খেলা অবশ্যই গুরুত্বপূর্ণ, গোল পাওয়া তো আরও ভালো।’নেইমার আর অস্কার কাকার সঙ্গে খেলে বিমোহিত। নেইমার বলেছেন, ‘তাঁর সঙ্গে খেলে দারুণ লেগেছে। সত্যিকারের প্লেমেকার বলতে যা বোঝায় তিনি সেটাই। আমাদের বোঝাপড়াও ছিল দারুণ। কিছু কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, তবে যতই একসঙ্গে খেলব, আমরা ততই আরও উন্নতি করব।’ অস্কারও মুগ্ধ, ‘তিনি এমনভাবে বলটা বানিয়ে দিয়েছেন, যেন আমি গোল করতে পারি। নিজের কাজটা তিনি ভালো মতোই করেছেন। অনেক সাহায্য করেছেন ম্যাচে।’ তবে সবচেয়ে বিস্মিত মেনেজেসই। ফুটবলে সতীর্থদের সঙ্গে বোঝাপড়াটা খুব জরুরী। কোনো দিনই অস্কার-নেইমারদের সঙ্গে না খেলেও কাকা যেভাবে খেলেছেন, ব্রাজিল কোচ রোমাঞ্চিত, ‘দলের অংশ হয়ে যেতে খুব বেশি সময় পায়নি এমন কাউকে একাদশে খেলানো খুব কঠিন। ও মাত্র ৩০ মিনিট অনুশীলন করেছে আমাদের সঙ্গে। কিন্তু কাকার জ্ঞান আর সামর্থ্য বিষয়টি সহজ করে দিয়েছে। ও থাকায় ওর আশেপাশের খেলোয়াড়রাও আরও ভালো খেলছে।’২০১৪ বিশ্বকাপে ব্রাজিলদের তরুণ দলটিকে যে ভালোমতোই পথ দেখাতে পারবেন, সেটাই যেন বুঝিয়ে দিলেন কাকা! ওয়েবসাইট।