নতুন প্রেমে নতুন ভাগ্য শারাপোভার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ের পর শারাপোভা। ছবি: রয়টার্স
জয়ের পর শারাপোভা। ছবি: রয়টার্স

চারটি গ্র্যান্ড স্লামের সবগুলোই জিতেছেন। মেয়েদের টেনিসে যে কৃতিত্ব আছে আর মাত্র নয়জনের। তার পরও মারিয়া শারাপোভার ক্যারিয়ার অতৃপ্তির হাহাকারে পূর্ণ। এতদিন যে এই চারটি গ্র্যান্ড স্লাম শিরোপাই ছিল সম্বল। সবগুলো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন একবার করে। অবশেষে প্রথম কোনো গ্র্যান্ড স্লামে দ্বিতীয়বারের মতো ট্রফি উঠল শারাপোভার হাতে। ২০১২ সালের পর আবার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হলেন এই রুশ তারকা।
আজ রোমানিয়ার সিমোনা হালেপকে ৬-৪, ৬-৭(৫), ৬-৪ গেমে হারিয়ে পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপা জেতেন এই ২৭ বছর বয়সী। প্রথম গ্র্যান্ড স্লামটা জিতেছিলেন ১০ বছর আগে। ১০ বছরে মাত্র পাঁচটি গ্র্যান্ড স্লাম—শারাপোভা নিজেও মানবেন, প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি।
হালেপের সামনে সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামটি জিতে নেওয়ার। কিন্তু ফুটবলার বাবার মেয়ে হালেপ তিন সেটেই লড়াই করলেও শেষ পর্যন্ত পারলেন না। দ্বিতীয় সেটটা তো টাইব্রেকে জিতে ফিরেও এসেছিলেন ম্যাচে। শেষ পর্যন্ত না পারলেও আগমনী গান কিন্তু ঠিকই শুনিয়ে গেলেন।
ওদিকে শারাপোভা জয়ের পরই অনেক বাধা ডিঙিয়ে গ্যালারিতে ছুটে গিয়ে প্রিয়জনদের আলিঙ্গনে বেঁধেছেন নিজেকে। এঁদের মধ্যে গ্রিগর দিমিত্রভও ছিলেন কি না, প্রথম দেখায় স্পষ্ট হয়নি। থাকতেও পারেন। শাশার সঙ্গে ছাড়াছাড়ির পর দিমিত্রভ তাঁর জীবনে আসতেই আবার গ্র্যান্ড স্লাম ট্রফির দেখা পেলেন। নতুন প্রেম হয়তো নতুন ভাগ্যও বয়ে এনেছে তাঁর জন্য!