বাংলাদেশ আইসিসি ট্রফি জেতার মাহেন্দ্রক্ষণে স্বপ্নের বীজ বুনেছিল ছেলেটি। বিশ্বকাপ ক্রিকেটে খেলবে বাংলাদেশ—আনন্দে পুরান ঢাকার অলিগলিতে রং খেলেছিল ওই কিশোর। আনন্দমিছিল থেকে ফিরে বাবাকে বলেছিল, ‘দেখো, একদিন আমরাও হকির বিশ্বকাপে খেলব।’ সেদিনের সেই কিশোর এখন জাতীয় হকি দলের মূল স্ট্রাইকার—রাসেল মাহমুদ (জিমি)। নতুন বছরে পা রাখার আগে স্মৃতি হাতড়ে ফিরলেন সেই দিনে, বললেন পুরোনো স্বপ্নের কথা। ক্রিকেটের মতো বিশ্বকাপ ফুটবলেও একদিন জায়গা করে নেবে বাংলাদেশ—‘ভিশন-২০২২’-এর স্বপ্ন দেখানো কাজী সালাউদ্দিনের সুরেই যেন সুর মেলালেন দিনবদলের প্রত্যাশায় থাকা জাহিদ হাসান (এমিলি)। নতুন বছরের চাওয়া-পাওয়ার স্রোতে ফুটবল-হকির দুই স্ট্রাইকার মিললেন এক মোহনায়।প্রতিটি নতুন ভোর শুরু হয় নতুন স্বপ্নযাত্রা দিয়ে। এমিলিও পুরোনো দিনের ব্যর্থতা ভুলে শুরু করতে চান নতুন করে। মৌসুমের শুরুতে প্রথমবারের মতো ফেডারেশন কাপ এনে দিয়েছেন শেখ রাসেলকে। বছরটা স্মরণীয় করে রাখতে চান শেখ রাসেলের হয়েই, ‘এ বছরে আমার একটাই চাওয়া শেখ রাসেলকে যেন লিগে চ্যাম্পিয়ন করতে পারি।’ গত বছর ঘরোয়া ফুটবলে ১০ গোল করেছিলেন মুক্তিযোদ্ধার হয়ে। এবার ফেডারেশন কাপেই করেছেন ৭ গোল। লিগে এখন পর্যন্ত ২ গোল। তবে নতুন বছরে প্রতি ম্যাচে গোল পেতে চান, হতে চান সর্বোচ্চ গোলদাতা।আন্তর্জাতিক ফুটবল নিয়েও ইতিবাচক স্বপ্ন দেখেন এমিলি, ‘ক্যালেন্ডার অনুযায়ী সেভাবে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাই না। আমাদের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার যে ধারা শুরু হয়েছে, সেটা যেন নিয়মিত থাকে।’ জাতীয় দলের নতুন কোচ হিসেবে হল্যান্ডের লোডভিক ডি ক্রুইফের নাম ঘোষণাও স্বপ্ন দেখাচ্ছে তাঁকে, ‘আমাদের ভালো করার যোগ্যতা আছে। আশা করি, নতুন কোচের অধীনে ভালো করব।’সাফল্যপিয়াসী হকি দলের চোখ দূরের বাতিঘরে। গত বছর এশিয়ান হকি ফেডারেশন কাপ এবং বিশ্ব হকি লিগের প্রথম পর্বের চ্যাম্পিয়ন দলটি ধারাবাহিকতা ধরে রাখতে চায়। যদিও কাজটা সহজ হবে না। এরই মধ্যে দ্বিতীয় পর্বে যোগ দিয়েছে আয়ারল্যান্ড, চীনের মতো পরাশক্তিরা। আছে আজারবাইজান, ফিজি ও স্বাগতিক ভারত। ছয় দলের লড়াইয়ে পরের রাউন্ডে উঠবে সেরা দুটি দল। তার পরও নতুন বছরে জিমির মনে স্বপ্নের আনাগোনা, ‘আগে যেমন নিয়মিত খেলার মধ্যে থাকতাম না, এখন সেই সমস্যা নেই। আগে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেলে মনে ভয় থাকত। শুধু গোল ঠেকানোর জন্যই যেতাম। এখন যাই জয়ের প্রত্যাশায়। আমরা দিন দিন উন্নতি করছি। নতুন বছরে আরও ভালো করতে চাই।’ নতুন বছরে শ্যুটার শারমিন আক্তার রত্নার চাওয়াটা খুব সামান্য—শ্যুটিংয়ের জন্য সার্বক্ষণিক একজন কোচ। লন্ডন অলিম্পিক থেকে ফেরার পর অনুশীলনেই নেই এসএ গেমসে সোনাজয়ী শ্যুটার। নতুন বছরে তাঁর চাওয়া, ‘অন্তত অনুশীলনটা যেন নিয়মিত হয়। আর দেশের বাইরে সব আন্তর্জাতিক টুর্নামেন্টে যেন সুযোগ দেওয়া হয়। সঙ্গে একজন ভালোমানের বিদেশি কোচ চাই।’রত্না অনুশীলনে নেই। তবে আরেক অলিম্পিয়ান মোহন খান তাঁর মতো করে নিজেকে প্রস্তুত রাখছেন। এমনিতেই ঘরোয়া অ্যাথলেটিকস বিবর্ণ। দেশের দ্রুততম মানব তাই চাতক পাখির মতো চেয়ে আছেন বাংলাদেশ গেমসের দিকে, ‘বাংলাদেশ গেমসে নিজের সেরা টাইমিংটা (১১.২৫ সেকেন্ড) টপকানোর লক্ষ্যে অনুশীলন করছি।’ নতুন বছরে আরও নিয়মিত ট্র্যাকে নামার সুযোগ চান তিনি, ‘জামশেদপুরে ট্রেনিংয়ে গিয়ে দেখেছি ভারতে এক বছরে ৩৮টি গেমস হয়। সে তুলনায় আমাদের শুধু ন্যাশনাল সিনিয়র আর জুনিয়র। নতুন বছরে আমার প্রত্যাশা, ফেডারেশন যেন প্রতিযোগিতার সংখ্যা আরও বাড়ায়।’ ২০১২ সালটা খুব একটা ভালো কাটেনি বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানের। তবে এবার সেই ব্যর্থতা ভুলে শুরু করতে চান নতুন করে, ‘খেলায় উত্থানপতন আছেই। তবে এবার আরও ভালো করতে হবে।’ গত বছর ইউরোপিয়ান ট্যুরের বাছাইপর্ব পার হতে পারেননি। এ বছর সেটা পেরোনোর লক্ষ্য তো আছেই, সঙ্গে খেলতে চান ইউএস ওপেনেও। গলফকে এগিয়ে নেওয়ার জন্য সরকার ও পৃষ্ঠপোষকদের সুদৃষ্টির আশায়ও আছেন তিনি। শুধু নিজেকে নিয়ে নন, সিদ্দিকুর স্বপ্ন দেখেন নতুন বছরে পেশাদার গলফ মাতাবেন আরও অনেক ‘সিদ্দিকুর’।