নতুন বছরে বার্সার উড়ন্ত সূচনা

গেটাফেকে উড়িয়ে দিয়ে বড়দিনের ছুটিতে গিয়েছিল বার্সেলোনা।১৩ দিন পর এলচের বিপক্ষে মাঠে নেমে বার্সার খেলার ধার কিন্তু আগের মতোই রইল।লা লিগায় ঘরের মাঠে এলচেকে স্রেফ উড়িয়ে কাতালানরা ম্যাচ জিতেছে ৪-০ ব্যবধানে! সহজ কিছু সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়তে পারত।
এফসি এলচে সেই ১৯৮৮-৮৯ মৌসুমে সর্বশেষ লা লিগায় ন্যু ক্যাম্পে খেলেছিল। ওই ম্যাচে কাতালানদের কাছে হেরেছিল ২-০ ব্যবধানে। ২৫ বছর পর ফের সাক্ষাতে বার্সার ‘খাতির’ নয়, বরং ঝাঁজালো রূপটাই দেখতে হলো তাদের।
সর্বশেষ গেটাফের বিপক্ষে পেদ্রো রদ্রিগেজের দুর্দান্ত এক হ্যাটট্রিক-স্মৃতি এখনো টাটকা। স্মৃতিতে ধুলো জমার আগেই আবারও হ্যাটট্রিক! তবে এবার নায়ক অ্যালেক্সিস সানচেজ! সাত মিনিটে সানচেজের গোল দিয়েই শুরু।এরপর ৬৩ ও ৬৯ মিনিটে আরও দুবার বল জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করলেন বার্সা ফরোয়ার্ড।
সানচেজের দিনে ফর্মের তুঙ্গে থাকা পেদ্রোও কম যান না।১৬ মিনিটে তাঁর অসাধারণ গোলও বার্সা-ভক্তদের চোখে লেগে থাকবে বহুদিন।পেদ্রো ও সানচেজের গোল ১১টি। বার্সার পক্ষে লিগে সবচেয়ে বেশি গোল এ দুজনেরই।ব্যক্তিগত গোলসংখ্যায় লিগে উভয়ের অবস্থান তিনে।
আজ অবশ্য কিছু সহজ সুযোগ হাতছাড়া করেছে বার্সা।৪৮ মিনিটে ডি-বক্সে সেস্ক ফ্যাব্রিগাসকে বাজেভাবে ট্যাকল করলে পেনাল্টি পায় বার্সা।কিন্তু পেনাল্টি থেকে গোল আদায় করতে ব্যর্থ জাভি।এ জয় দিয়ে আবারো পয়েন্ট টেবিলে শীর্ষ অবস্থানে উঠে এসেছে বার্সা।বার্সার পয়েন্ট ৪৯।অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্টও ৪৯।তবে গোল ব্যবধানে বার্সাই এগিয়ে।
বার্সা ও অ্যাটলেটিকো মাদ্রিদের আসল পরীক্ষা আগামী শনিবার। ভিসেন্তে ক্যালদেরনে সেদিন বার্সাকে আতিথ্য দেবে ডিয়েগো সিমিওনের দল। লিগে উভয় দলের এটাই প্রথম সাক্ষাত্। ওই ম্যাচেই বোঝা যাবে, লিগে শীর্ষ অবস্থান কার দখলে থাকবে।