নতুন বিদেশিদের ওপর চোখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যবর্তী দলবদলে নতুন নিবন্ধিত বিদেশি ফুটবলার ২৭ জন। আজ শুরু বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বে তাঁদের ওপরই চোখ থাকবে সবার।প্রথম দিনেই টাঙ্গাইলে বড় ম্যাচ। চ্যাম্পিয়ন শেখ জামালের প্রতিপক্ষ স্বাগতিক বিজেএমসি। ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা-ফরাশগঞ্জ ম্যাচ। প্রথম পর্বে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল আবাহনী। নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধার পয়েন্ট ২১। শিরোপা লড়াইয়ে এই দুটি দলই সবার চেয়ে এগিয়ে। যদিও এবার লিগ শুরুর আগে বলা হচ্ছিল, লিগটা হবে অন্তত ছয়টি দলের লড়াইয়ের মঞ্চ।বিজেএমসি তৃতীয় স্থানে থাকলেও আবাহনী-মুক্তিযোদ্ধার চেয়ে খানিকটা পিছিয়ে। শেখ জামাল-শেখ রাসেল শিরোপা লড়াইয়ে নেই বললেই চলে। আবাহনী-মুক্তিযোদ্ধা পয়েন্ট হারালেই কেবল জামাল-রাসেল ওপরে উঠে আসতে পারে। নইলে সব হিসাব পাল্টে লিগে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতারই আভাস মিলছে।নতুন বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি চোখ থাকছে দুই ব্রাজিলিয়ানের ওপর। আবাহনী এনেছে এই দুজনকে। মিডফিল্ডার ফিলিপ দুই দিন আগে ঢাকা এলেও তাঁর স্বদেশি জেনারোসো ডি সিলভা এসেছেন কাল সকালে। তাঁদের দুজনকেই পছন্দ হয়ে গেলে আবাহনী তাদের পুরোনোদের মধ্যে একজনকে বাদ দিতে পারে। দ্বিতীয় পর্বে পুরোপুরি নতুন একঝাঁক বিদেশি নিয়ে নামছে মোহামেডান। পঞ্চম স্থানে থাকা অবস্থানের উন্নতি করতে মরিয়া। তার জন্যই প্রথম পর্বের সাত আফ্রিকানকেই বাদ দেওয়া হয়েছে। নতুন বিদেশিরা ‘আগের বিদেশিদের চেয়ে একটু ভালো’ তকমা পেয়েছে কর্মকর্তা ও টেকনিক্যাল কমিটির সদস্যদের কাছ থেকে। লিগ শুরুর সময় ১১টি দলে ৬৪ জন বিদেশি নিবন্ধন করেছিলেন। প্রথম পর্ব শেষে মধ্যবর্তী দলবদলে বাদ পড়েছেন প্রায় ২৫ জন বিদেশি। ওদিকে বাফুফের নির্বাচনও শেষ। নতুন কমিটি এসেছে। সবদিক দিয়েই নতুনের আবাহন নিয়ে মাঠে নামছে পেশাদার লিগের দ্বিতীয় পর্ব।এই পর্বে অবনমনের লড়াইটাই বেশি জমে উঠবে ধারণা করা যায়। নিচের দিকে ৮ থেকে ১১ এই ৪ পয়েন্টের ব্যবধানে আছে ৬টি দল। এবার ১১ দলের লিগে অবনমন হওয়ার কথা দুটি দলের। কাজেই অবনমন বাঁচানোর লড়াইটা শিরোপা লড়াইয়ের মতো আকর্ষণের কেন্দ্রে চলে আসবে। আর এ সুযোগে পাতানো খেলা হতে পারে বলে অনেকের শঙ্কা। প্রথম পর্বে সন্দেহের আতশি কাচের নিচে ছিল একটি মাত্র ম্যাচ। বাফুফের নির্বাচনে রহমতগঞ্জের ভোট পাওয়ার জন্য ব্রাদার্স ওই দলটির কাছে ৪ গোলে হেরেছিল বলে মনে করছে অনেকে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় পাতানো খেলা শনাক্তকরণ কমিটি প্রথম সভায় বসছে। ওই সভায় ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচের ভিডিও ও পরদিনের পত্রিকার কাটিং দেওয়া হচ্ছে। কমিটির চেয়ারম্যান বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হুমায়ুন খালিদ। সদস্য আছেন একই বোর্ডের পরিচালক তাজুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মহিউদ্দিন আহমেদ ও শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ তারেক খান। তাঁরা কেউ ফুটবলের সঙ্গে সম্পৃক্ত নন। কাজেই এই কমিটি কীভাবে পাতানো খেলা শনাক্ত করবে, এটা বড় এক প্রশ্ন। এ ব্যাপারে বিদায়ী বাংলাদেশ লিগ কমিটির প্রধান বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী বলছেন, ‘পাতানো খেলা শনাক্তকরণ কমিটির খেলা দেখার দরকার নেই। খেলা বোঝারও দরকার আছে বলে মনে করি না। তারা সিদ্ধান্ত দেবে তথ্যপ্রমাণের ভিত্তিতে। যার মধ্যে ভিডিও, পেপার কাটিং হবে গুরুত্বপূর্ণ উপাদান।’নতুন বিদেশিদের ওপর যেমন চোখ থাকছে, চোখ থাকছে পাতানো খেলার ওপরও। সব ছাপিয়ে জমজমাট একটা লিগ লড়াইয়েরই আভাস মিলছে।