নতুন বোলিং কোচ ইয়ুর্গেনসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শেন ইয়ুর্গেনসেন। আগামীকালই ঢাকায় আসার কথা ৩৫ বছর বয়সী এই অস্ট্রেলিয়ানের। বিসিবির প্রধান নির্বাহী মনজুর আহমেদ কাল জানিয়েছেন, চুক্তিটি প্রাথমিকভাবে ২০ মাসের, অর্থাৎ ২০১৩ সালের জুন পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন ইয়ুর্গেনসেন।আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে দাপটের সঙ্গেই খেলেছেন এই সাবেক ডানহাতি ফাস্ট বোলার। খেলেছেন কুইন্সল্যান্ড, তাসমানিয়া ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে। শেফিল্ড শিল্ডের ফাইনালে প্রথম বোলার হিসেবে ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তিটাও তাঁর। ২০০২ সালে করেছিলেন সেটা। জাতীয় দলে সুযোগ না হলেও অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৭ দলে খেলেছেন ইয়ুর্গেনসেন।২০০৮ থেকে ২০১০ পর্যন্ত নিউজিল্যান্ডের বোলিং কোচ ছিলেন। ইয়ুর্গেনসেন সর্বশেষ কাজ করেছেন নিউজিল্যান্ডেই, হাইপারফরম্যান্স কোচ হিসেবে।এবার বাংলাদেশের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেতে আগ্রহী ছিলেন সদ্যপ্রয়াত গ্রাহাম ডিলিও। হাসপাতালে ভর্তি হওয়ার পরও যোগাযোগ করেছিলেন বিসিবির এক কর্মকর্তার সঙ্গে। বলেছিলেন সুস্থ হয়েই এ ব্যাপারে কথা বলবেন। কিন্তু সে কথা বলার আগেই মৃত্যু এসে দাঁড়াল তাঁর দুয়ারে। ভারতের ভেঙ্কটেশ প্রসাদের নামও ছিল আলোচনায়। কিন্তু বিসিবি থেকে জানানো হয়, প্রসাদের চাহিদাটা বেশি। অবশ্য প্রধান কোচ স্টুয়ার্ট ল তাঁর স্বদেশি ইয়ুর্গেনসেনের দিকেই ঝুঁকে ছিলেন।