নতুন ভালদেরামা!

গোল করেই ছুটলেন মাঠের এক কোনায়। কলম্বিয়ান সমর্থকে ঠাসা গ্যালারি যেন হলুদ-সমুদ্র। চেষ্টা করলেন ইলেকট্রনিক বিজ্ঞাপন বোর্ডগুলো টপকে সমর্থকদের হাতছোঁয়া দূরত্বে যাওয়ার। কিন্তু ফটোগ্রাফারদের বাধা, একটা জুতসই ছবি তো তুলতে হবে! ততক্ষণে সতীর্থরা এসে জাপটে ধরেছে। নিজের মতো প্রাণ খুলে উদ্যাপনের সুযোগ কোথায়! পুরো ম্যাচে ওই সময়টুকুই শুধু নিজের চাওয়ামতো হলো না। বাকি ম্যাচজুড়েই তো তিনি! দলের তিন গোলের শেষটিই কেবল এসেছে তাঁর পা থেকে। তবে যাঁরা খেলা দেখেছেন, জানেন গ্রিসের বিপক্ষে কলম্বিয়ার জয় পুরোই জেমস রদ্রিগেজময়!
দুটি লক্ষ্য ছিল তাঁর। প্রথমত, দলকে জেতানো। দ্বিতীয়ত, প্রথম সুযোগেই বিশ্বমঞ্চে নিজেকে আলোকিত করা। দুটি লক্ষ্য এক সুতোয় গেঁথে কী দারুণভাবেই না শেষ করলেন প্রথম মিশন! বিশ্ব ফুটবলের তিনি ভবিষ্যতের মহাতারকা, তবে কলিম্বয়ায় বর্তমান। এ জন্যই তো কার্লোস ভালদেরামার ১০ নম্বর জার্সি শোভা পাচ্ছে ২২ বছর বয়সী তরুণের গায়ে! লাতিন ফুটবলের চিরায়ত সৌন্দর্যের পূজারি রদ্রিগেজ, ওই দুটি পায়ের ছোঁয়ায় ফুটবল যেন ফুল হয়ে ফোটে। আর যাঁরা আগেই জানতেন এই তরুণ প্রতিভার কথা, তাঁদের বিস্ময় ছুঁয়েছে নতুন উচ্চতা। এই বয়সেই দলের প্রাণভোমরা তিনি, কলম্বিয়ার হৃৎস্পন্দন, পরশুর কলিম্বয়া-গ্রিস ম্যাচ এই বাস্তবতাকেই পোক্ত করল আরেকটু।
বছর খানেক ধরেই রদ্রিগেজকে বলা হচ্ছে বর্তমান বিশ্বের সেরা তরুণ প্রতিভা। দুই বছর আগেই পর্তুগিজ গোল্ডেন বল জিতেছেন পোর্তোতে খেলার সময়। গত বছর পোর্তো থেকে মোনাকো তাঁকে কিনেছে ৪৫ মিলিয়ন ইউরোতে। কলম্বিয়ান ইতিহাসে এর চেয়ে বেশি দামি ফুটবলার আর একজনই—রাদামেল ফ্যালকাও! ট্রান্সফার মার্কেটে ঝড় তুলে বিশ্ব ফুটবলে আলোচনায় এসেছেন, নিজ দেশে কিন্তু তাঁকে নিয়ে হইচই অনেক আগে থেকেই। বয়সভিত্তিক দলগুলোর হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে তোলপাড় েফলে দিয়ে নাম পেয়ে গেলেন ‘এল নুয়েভো পিবো’! নামের মাহাত্ম্য বুঝতে হলে স্মৃতির ডানায় যেতে হবে খানিকটা পেছনে। কলিম্বয়ার সর্বকালের সেরা বলে বিবেচিত ভালদেরামাকে যে ডাকা হতো ‘এল পিবে’ (দা কিড) নামে! ‘এল নুয়েভো পিবে’ মানে ‘দ্য নিউ কিড।’ সহজ অর্থে—নতুন ভালদেরামা!
মজার ব্যাপার হলো, নামটা দিয়েছেন ‘এল পিবে’ স্বয়ং! সেটাও বছর তিনেক আগেই। রদ্রিগেজের প্রতিভায় মুগ্ধ ভালদেরামা তো ভবিষ্যতের আয়নায় উত্তরসূরিকে দেখছেন আকাশসমান উচ্চতায়, ‘নতুন এল পিবে খোঁজার আর প্রয়োজন নেই কলম্বিয়ার। জেমসই সেই ছেলে, যাকে জাতীয় দল দীর্ঘদিন ধরে খুঁজছে। অবিশ্বাস্য প্রতিভা, দারুণ ধারাবাহিক। আমার দীর্ঘ খেলোয়াড়ি আর কোচিং ক্যারিয়ারে ফুটবলের প্রতি ওর মতো আবেগ-ভালোবাসা আর কারও মাঝে দেখিনি। কলম্বিয়ার সর্বকালের সেরা ফুটবলার হওয়ার সামর্থ্য আছে ওর, হতে পারে খেলাটারই সর্বকালের সেরাদের একজন!’
দেশের ইতিহাস-সেরা ফুটবলারের এমন সার্টিফিকেটে মাথা ঘুরে যাওয়ার কথা যেকোনো তরুণের। কিন্তু রদ্রিগেজের পরিণতিবোধের প্রমাণ কথাতেই, ‘এই বয়সেই এল পিবেকের উত্তরসূরি বলাটা আমার জন্য বিশাল সম্মান। সেই ছোট্টটি থেকেই আমি ভালদেরামার মতো হতে চেয়েছি। এত দ্রুত কলম্বিয়ার ১০ নম্বর জার্সি পেয়ে আমি গির্বত। ভালদেরামার প্রশংসা আমার ভবিষ্যতের পাথেয়।’
প্রশংসার মালায় কিন্তু আছে আরও চোখ ধাঁধানো ফুল। ড্রিবলিং, সৃষ্টিশীলতা, বল নিয়ন্ত্রণ, শটের জোর দেখে অনেকে আবার খুঁজে পেয়েছেন তরুণ বয়সের ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়া। এ ধারণা করাদের একজনের কথা অন্তত গোনায় নিতেই হবে, নাম তাঁর স্যার অ্যালেক্স ফার্গুসন!
মঞ্চটা বিশ্বকাপ বলেই তবু খানিকটা সংশয় ছিল। তার ওপর নেই দলের সেরা তারকা ফ্যালকাও। পরশু প্রমাণ করলেন, উপলক্ষের বিশালত্বেও ভড়কে যাননি, বিশ্বকাপ অভিষেক রাঙালেন উদ্ভাসিত আলোয়। কলম্বিয়া এই বিশ্বকাপে যত দূরই যাক না কেন, রদ্রিগেজ নিশ্চিতভাবেই যাবেন অনেক দূর। ভালদেরামার ধারণামতোই হয়তো ছোঁবেন আকাশ!