নতুন ভূমিকায় আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ার সূর্যটা মধ্যগগন থেকে হেলে পড়েছে অস্তের দিকে। তবু পাকিস্তানে শহীদ আফ্রিদির তারকাখ্যাতি ও জনপ্রিয়তায় কোনো কমতি নেই। এই জনপ্রিয়তার কারণেই আসন্ন সাধারণ নির্বাচনে জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করার জন্য সে দেশের নির্বাচন কমিশন বেছে নিয়েছে ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ানকে। আগামী ১১ মে অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে জনসাধারণের মধ্যে প্রচার-প্রচারণা চালাবেন আফ্রিদি। গতকাল আফ্রিদি বলেছেন, ‘ভোট দেওয়ার গুরুত্বটা জনগণের কাছে তুলে ধরার জন্য কমিশন আমাকে ভূমিকা রাখতে বলেছে। আমি এই প্রচারণায় অংশ নিতে যাচ্ছি।’এর আগে পোলিওর বিপক্ষে সচেতনতা সৃষ্টি এবং বাচ্চাদের টিকা নেওয়ার পক্ষে প্রচার-প্রচারণা করেছেন আফ্রিদি। এদিকে গুজব উঠেছে আফ্রিদি নাকি যোগ দিচ্ছেন নওয়াজ শরিফের দল মুসলিম লিগে। গত জানুয়ারিতে শরিফের ছোট ভাই মারা গেলে আফ্রিদি ছুটে গিয়েছিলেন পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য। এ থেকেই স্থানীয় সংবাদমাধ্যমে আফ্রিদির মুসলিম লিগে যোগ দেওয়ার খবর প্রকাশিত হয়। আফ্রিদি অবশ্য উড়িয়ে দেন এই সম্ভাবনা, ‘রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই আমার। আমি এখন ক্রিকেট খেলা উপভোগ করছি। আমি শরিফের ভাইয়ের মৃত্যুতে সমবেদনা জানাতে গিয়েছিলাম, কারণ উনি আমার বাবার অসুস্থতার ব্যাপারে খোঁজখবর নিয়েছিলেন।’সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য রাজনীতিতে যোগ দেওয়াটাই অপরিহার্য মনে করেন না আফ্রিদি। ‘পাকিস্তানের জনগণের জন্য কাজ করাটাই আসল কথা। আমি মনে করি, এ জন্য আমার রাজনীতিতে যোগ দেওয়ার প্রয়োজন নেই।’ এএফপি।