নতুন ভূমিকায় মিয়াঁদাদ
পাকিস্তানের সাবেক অধিনায়ক তিনি। বিভিন্ন সময়ে তিনবার দেশটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মহাপরিচালক হিসেবে। কিন্তু এবার জাভেদ মিয়াঁদাদকে দেখা যাবে নতুন ভূমিকায়। আসছে বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের ব্যাটিং ও ফিল্ডিং উপদেষ্টা হিসেবে কাজ করবেন সাবেক এই তারকা ক্রিকেটার।নতুন দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে মিয়াঁদাদ রয়টার্সকে বলেন, ‘এটা অসাধারণ অনুভূতি। কোচিংয়ের প্রতি বরাবরই প্রবল অনুরাগ ছিল আমার। আমি চেয়েছি ক্রিকেটারদের সহায়তা করতে। আমাদের ক্রিকেটারদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে।’মাঠের বাইরে নানা রকম কেলেঙ্কারি আর বিতর্ক পাকিস্তান ক্রিকেটকে বেসামাল অবস্থায় নিয়ে গেছে। তার ওপর যোগ হয়েছে মাঠের লড়াইয়ে ব্যাটসম্যানদের ব্যর্থতা। এ পরিস্থিতিতে দাবি ওঠে একজন ব্যাটিং কোচ নিয়োগ করার। কিন্তু ব্যাটিং কোচ দেশ থেকেই বাছাই করা হবে, নাকি বিদেশ থেকে আনা হবে, এ নিয়ে ছিল মতভেদ। শেষ পর্যন্ত বেছে নেওয়া হলো জাভেদ মিয়াঁদাদকে। তবে ব্যাটিং কোচ নয়, ব্যাটিং ও ফিল্ডিং উপদেষ্টা হিসেবে।