নতুন মাঠে রোমারিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকারদের মতো ধূসর স্যুট পরা, মাথায় কাঁচা-পাকা চুলওয়ালা ছোট্ট মানুষটাকে দেখলে চেনাই যায় না। অনুমান করতেও কষ্ট হয় যে এই মানুষটাই একসময় গোটা ফুটবল দুনিয়া দাপিয়ে বেড়িয়েছেন। ১৯৯৪ সালে এই মানুষটার অসাধারণ ফুটবল জাদুতেই ব্রাজিল জিতেছিল চতুর্থ বিশ্বকাপ শিরোপা। ’৯৪-এর ফিফা বর্ষসেরা ফুটবলার রোমারিও আবার ফিরেছেন। তবে এবার খেলার মাঠে নয়। অন্য জগতে। ৪২ বছর বয়সে বুটজোড়া তুলে রাখার পরে ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ এই গোলদাতা (১০০২ গোল) অনায়াসেই কোনো দলের কোচ বা ধারাভাষ্যকার হয়ে ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারতেন। কিন্তু তা না করে তিনি হেঁটেছেন ভিন্ন পথে। প্রার্থী হয়েছেন দেশের আইনসভায় যাওয়ার জন্য। তাঁর বর্তমান ঠিকানা ব্রাসিলিয়া শহর। যেখানে তিনি রিওর সোশ্যালিস্ট পার্টির জুনিয়র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্রাজিলিয়ান এই ফুটবল কিংবদন্তি নিজেই একসময় বলেছিলেন যে, ‘মাঠে ফুটবল খেলাটা একটা স্বয়ংক্রিয় ব্যাপার। এটা স্বাভাবিকভাবেই হয়ে যায়। কিন্তু রাজনীতি একটু ভিন্ন জিনিস।’ হ্যাঁ, একদা রাজনীতি সম্পর্কে এ রকম মন্তব্য করা রোমারিওই বর্তমানে খেলতে নেমেছেন রাজনীতির মাঠে। স্বভাবতই প্রশ্ন ওঠে, কোন পরিস্থিতি তাঁকে এই অন্য জগতে খেলতে নামার প্রেরণা দিল?‘আইভি’, এক শব্দের উত্তর রোমারিওর। রোমারিও দম্পতির ষষ্ঠ সন্তান এই আইভি, যে জন্মেছে ডাউন সিনড্রোম রোগ নিয়ে। রোমারিওর জন্য ‘এটা ছিল একটা বড় ধাক্কা।’ তাঁর স্ত্রী ভয় পেয়েছিলেন যে ব্রাজিলিয়ান এই ফুটবল তারকা হয়তো তাঁকে ও তাঁর সন্তানকে পরিত্যাগ করবেন। কিন্তু এই আশঙ্কার যে কোনো ভিত্তিই ছিল না, তা রোমারিও দেখিয়ে দিলেন আরও একধাপ এগিয়ে গিয়ে।আইভিকে বড় করতে করতে রোমারিও দেখতে পেলেন, কত কত শিশুর জীবন অযত্নে-অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে একটু দেখভালের অভাবে। রোমারিও বেশ দীপ্ত কণ্ঠে বলেছেন, ‘ব্রাজিলে প্রায় পাঁচ কোটি শিশু রয়েছে, যাদের বিশেষ যত্নের প্রয়োজন। শুধু একজন আদর্শ ব্যক্তি হয়ে বসে থাকা সত্যিকারের পরিবর্তনের জন্য যথেষ্ট নয়।’ তাই, এই সত্যিকারের পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই রাজনীতির মাঠে পা রেখেছেন রোমারিও।ফুটবল জগতে জাদু দেখিয়ে অগণিত মানুষের মন আগেই জয় করে রেখেছেন রোমারিও। তাঁর অবিস্মরণীয় পারফরম্যান্সেই ব্রাজিল ভেসেছিল চতুর্থবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দে। সে বছর বার্সেলোনার স্বপ্নের দলের স্ট্রাইকার হিসেবে করেছিলেন লা লিগার সর্বোচ্চ গোল (৩০টি)। একসময় প্রতিপক্ষের রক্ষণভাগে কাঁপুনি ধরিয়ে দেওয়া রোমারিও এখন একই ভঙ্গিতে ড্রিবল করে চলেছেন রাজনীতির মাঠে।সম্প্রতি ২০১৪ বিশ্বকাপ আয়োজনের ধীরগতি নিয়ে ব্রাজিল সরকারের সঙ্গে সম্পর্কের বেশ অবনতিই হয়ে গেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার। এ সময় দেশের একজন শীর্ষ ফুটবল তারকা হিসেবে অন্ধভাবে নিজ দেশের রাজনীতিবিদদের সমর্থনে এগিয়ে আসেননি রোমারিও। ফিফার অবস্থান পুরোপুরি সমর্থন না করলেও বিশ্বকাপটা সত্যিই সফলভাবে আয়োজনের জন্য যে সরকারের কিছুটা তত্পরতা দরকার, সেটাই সবাইকে মনে করিয়ে দিয়েছেন ‘ও বাইজিনহো (ছোট্ট মানুষ)’। ফিফা ও ব্রাজিল সরকারের চরম দ্বন্দ্ব চলার সময়ই তাঁর অকপট মন্তব্য, ‘আমরা আরও চার বছর আগে থেকেই জানি যে আমরা এই বিশ্বকাপটা আয়োজন করতে যাচ্ছি। কিন্তু সরকার এই কেবল নড়েচড়ে বসেছে।’প্রায় দুই যুগ ধরে নিত্যনতুন ভঙ্গিমায় ফুটবল মাঠে জাদু দেখানো রোমারিও মুগ্ধ করেছেন ফুটবল বিশ্বকে। এবার লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনেও কী কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারবেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা? উত্তরটা এখনো অনুমান করা না গেলেও রোমারিওর এই নতুন খেলাটাও যে দেখার মতোই হবে, তাতে কোনো সন্দেহ নেই। নিউজউইক অবলম্বনে।