নতুন মিশনে ‘ইস্পাহানি চট্টগ্রাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামের তেমন কোনো সুখস্মৃতি নেই। ১৯৯৯-২০০০ প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন হলেও সেবারের প্রতিযোগিতা প্রথম শ্রেণীর ক্রিকেটের মর্যাদা পায়নি। তা পাওয়ার পর সাফল্য বলতে দুই বছর আগে রানার্সআপ হওয়া। গতবার তো আটকে যেতে হয়েছে প্রথম রাউন্ডেই। এসব ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে এবার নতুন করে তৈরি হচ্ছে চট্টগ্রাম।চট্টগ্রাম এবার নাম বদলে হয়ে যাচ্ছে ‘ইস্পাহানি চট্টগ্রাম’। ১৪তম জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের স্পনসর ইস্পাহানি গ্রুপ, এ কারণেই এই নতুন নামকরণ। গতকাল নগরের একটি রেস্তোরাঁয় স্পনসর প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মিনহাজউদ্দিন আহমেদের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। ইস্পাহানি সব মিলিয়ে দেবে ২০ লাখ টাকা।বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর স্পনসর পেয়ে উচ্ছ্বসিত। আলমগীর বললেন, ‘যেখানে সীমিত ওভারের ক্রিকেটেই স্পনসর পেতে সমস্যায় পড়তে হয়, সেখানে দীর্ঘ পরিসরের খেলায় বিভাগীয় দলের স্পনসর অনেক বড় ব্যাপার। এবার আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ।’নিয়ম অনুযায়ী, দুজন বিদেশি ক্রিকেটার খেলানো যাবে প্রতি দলে। শ্রীলঙ্কার জীবন মেন্ডিস, পাকিস্তানের ওয়াহাব রিয়াজ ও সোহেল তানভীরের সঙ্গে আলাপ-আলোচনা চলছে বলে জানা গেছে একটি সূত্রে। কোচ নুরুল আবেদীনের তত্ত্বাবধানে কয়েক দিন ধরে অনুশীলন করে যাচ্ছে প্রায় ৩০ জনের চট্টগ্রাম দল। আজ ঘোষণা করা হবে ১৫ সদস্যের চূড়ান্ত দল।২০ অক্টোবর বগুড়ায় ঢাকা মহানগরীর সঙ্গে চট্টগ্রামের প্রথম ম্যাচ।