নতুন মুখ চান সাবেকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘ভারতীয় ক্রিকেটের একটি যুগের সমাপ্তি।’ আসলেই কি তাই? টেন্ডুলকার-লক্ষ্মণ-হরভজনদের সময় কি তবে শেষ! গ্রেটদের নিয়ে শেষ কথা বলে ফেলা বোকামি, উত্তরটা তাই সময়েই মিলবে। তবে ভারতের সাবেকরা কিন্তু ডাক দিয়েছেন নবজাগরণের। ইংল্যান্ড বিপর্যয়ের পর কুম্বলে-কপিলদের অভিমত—দলে নতুন রক্ত প্রয়োজন।বিরাট কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মাদের আরও লম্বা সময় ধরে সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক অনিল কুম্বলে, ‘খুব দ্রুতই হয়তো ভারতকে শীর্ষে ফিরতে দেখা যাবে না। কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে, এই তরুণদের নিয়ে ভারত যাতে সেরা তিনের মধ্যেই থাকতে পারে। তরুণদের লম্বা সময় ধরে সুযোগ দিতে হবে। কয়েক বছর পরে হয়তো দল আবার শীর্ষে উঠবে।’সাবেক ব্যাটসম্যান ও বর্তমানে ধারাভাষ্যকার অরুণ লালের কণ্ঠেও ছিল কুম্বলের কথার প্রতিধ্বনি, ‘৩৫-৩৮ বছর বয়সীদের নিয়ে অনন্তকাল ধরে পথ চলা যায় না। তরুণ প্রতিভাদের দলে সুযোগ দিতে হবে। ইংল্যান্ডে যা হয়েছে, একদিক থেকে ভালোই হয়েছে। আমাদের হয়তো জাগরণের প্রয়োজন ছিল।’ পরিবর্তনের ডাক দিয়েছেন কপিল দেবও। তবে সাবেক অধিনায়ক মানছেন, কাজটা কঠিন, ‘একসঙ্গে এতগুলো অসাধারণ ক্রিকেটার পাওয়াটাকে আমাদের সৌভাগ্যই বলতে হবে। কিন্তু ওরা তো আর সারা জীবন ধরে খেলে যেতে পারে না। তবে ওদের বিকল্প পাওয়াটা সহজ হবে না।’অ্যাশেজ বিপর্যয়ের পর ডন আর্গাস রিভিউ কমিটি গঠন করেছিল অস্ট্রেলিয়া। গুঞ্জন শোনা যাচ্ছে, ভারতও এমন কিছু করতে পারে। তবে সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদির বিশ্বাস, বিসিসিআই কিছুই করবে না, ‘বিসিসিআই দূরদৃষ্টি নিয়ে কোনো কাজ করবে না। ভারতে ক্রিকেট যেভাবে চলছে, সেভাবেই চলবে।’ভারতের পত্রিকাগুলোও ধুয়ে দিয়েছে বিসিসিআইকে। চোট পুরোপুরি না সারার পরও জহির-শেবাগদের ইংল্যান্ডে পাঠানো, বিশ্বকাপের পর ক্রিকেটারদের আবার দীর্ঘ আইপিএলে খেলা, টেস্ট ক্রিকেটকে গুরুত্ব না দেওয়া—সব মিলিয়ে বিসিসিআইয়ের সমালোচনায় মুখর সংবাদমাধ্যম। হিন্দুস্তান টাইমস-এর শিরোনামটাই সবচেয়ে মজার, বিসিসিআইকে তারা বলেছে ‘বোর্ড অব নো কন্ট্রোল!’ ওয়েবসাইট।