নতুন মৌসুমে তারারা কে কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা সবাই আলো ছড়িয়েছেন বিশ্বকাপে। বিশ্বকাপের মহাযজ্ঞ শেষে হয়তো কিছুদিন শুয়ে-বসে কাটাবেন। ফুটবলের বাইরের জীবনটাকে উপভোগ করবেন বেশ জমিয়েই। কিন্তু কয়েক দিনের মধ্যেই তাঁদের নেমে পড়তে হবে আবার ফুটবলের মাঠে। পেশাদার-ফুটবলের কঠিন জগতে তাঁরা এবার লড়বেন নিজেদের ‘কর্মক্ষেত্র’ ক্লাবের হয়ে। এক মাসের বিশ্বকাপ বদলে দিয়েছে অনেকের অবস্থানই। মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে অনেকেই বাড়িয়ে নিয়েছেন নিজেদের মূল্য। প্রিয় পাঠক, আসুন, জেনে নেওয়া যাক, নতুন মৌসুমে এবারের বিশ্বকাপে ফুল হয়ে ফোটা আলোচিত কয়েক ফুটবলার কোথায় যাচ্ছেন, কী করছেন...

হামেস রদ্রিগেজ
হামেস রদ্রিগেজ

হামেস রদ্রিগেজ

বিশ্বকাপে ছয়টি গোল করে সর্বোচ্চ গোলদাতা তিনি। জিতেছেন গোল্ডেন বুট। ২৩ বছর বয়সী এই কলম্বিয়ান সেনসেশনকে এবার কিনে নিতে পারে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তাঁর বর্তমান ফরাসি ক্লাব মোনাকো থেকে রদ্রিগেজকে কিনতে হলে সান্তিয়াগো বার্নাব্যুর ম্যানেজমেন্টকে গুনতে হবে পাক্কা আট কোটি ৫০ লাখ ইউরো। রিয়ালে যদি চলেই যান তাহলে এই মৌসুমে তাঁর সঙ্গে বার্সেলোনার লিওনেল মেসির একটা দ্বৈরথের স্বপ্ন তো দেখাই যায়।

ম্যাটস হামেলস
ম্যাটস হামেলস

ম্যাটস হামেলস

বরুসিয়া ডর্টমুন্ডের এই ফুটবলার এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। তাঁর গোলেই কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে জার্মানি স্থান করে নেয় সেমির লড়াইয়ে। গোল্ডেন বল বিজয়ী প্রার্থীর সংক্ষিপ্ত তালিকায় নাম ওঠানো এই ডিফেন্ডার এবার বুন্দেসলিগা ছাড়তে পারেন। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নাকি তাঁর কথাবার্তা অনেক দূরই এগিয়েছে।

মারিও গোটশে
মারিও গোটশে

মারিও গোটশে

ফাইনালে তাঁর গোলেই ২৪ বছর পর বিশ্বকাপ জিতেছে জার্মানি। গত মৌসুমে তিন কোটি ৭০ লাখ ইউরোয় বরুসিয়া ছেড়ে যোগ দিয়েছেন বায়ার্ন মিউনিখে। এই মৌসুম তাঁর রং ছড়ানোরই মৌসুম। এবার হয়তো বায়ার্নের সবচেয়ে কাঙ্ক্ষিত তারকা হতে যাচ্ছেন ২২ বছরের এই ফরোয়ার্ড।

আর্তুরো ভিদাল
আর্তুরো ভিদাল

আর্তুরো ভিদাল

চিলিয়ান এই মিডফিল্ডার নিজের পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন বিশ্বকাপে। প্রতিটি খেলাতেই নিজের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটানো ভিদালকে এবার জুভেন্টাস রাখতে পারবে কি না সন্দেহ। ম্যানচেস্টার ইউনাইটেড নাকি ইতিমধ্যেই তাঁকে বড় ধরনের প্রস্তাব দিয়ে রেখেছে!

ম্যানুয়েল নয়্যার
ম্যানুয়েল নয়্যার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের সেরা গোলরক্ষক তিনি। জিতেছেন সোনার দস্তানা। বায়ার্ন মিউনিখের ঘরের ছেলে নয়্যার বাভারিয়ানদের দলে খেলছেন তিন বছর ধরে। দুই কোটি ৮০ লাখ ইউরোয় এসেছিলেন, এই তো কিছু দিন আগেই ২০১৯ পর্যন্ত নতুন চুক্তিতে সই করেছেন। পারিশ্রমিকের অঙ্কটা নিশ্চয়ই বেড়েছে কয়েকগুণ। বিশ্বকাপের পারফরম্যান্সের পর এ ব্যাপারে আরও বড় দাবি জানালেও তাঁকে ফিরিয়ে দেওয়ার সাহস হয়তো বায়ার্ন মিউনিখেরও নেই।

হাভিয়ের মাচেরানো
হাভিয়ের মাচেরানো

হাভিয়ের মাচেরানো

লিওনেল মেসির কথা ভুলে যান। বিশ্বকাপে আর্জেন্টাইন রক্ষণকে শক্তিধর দুর্গে পরিণত করেছিলেন এই মাচেরানোই। রিভারপ্লেট থেকে লিভারপুল হয়ে এই মুহূর্তে বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠা মাচেরানো কিছু দিন আগেই নতুন চুক্তি করেছেন বার্সার সঙ্গে। অন্য ক্লাব তাঁর দিকে হাত বাড়ালে খরচ করতে হবে ১০ কোটি ইউরো।