নতুন মৌসুমে মেসির চাই ট্রফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলের পর গোল করে গড়েছেন রেকর্ডের পর রেকর্ড। গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৭৩টি গোল করে লিওনেল মেসি পুরোনো অনেক রেকর্ড মুছে ফেলেছেন রেকর্ড বই থেকে। গোল করাটাকে পৃথিবীর সবচেয়ে সহজ কাজ বানিয়ে ফেলা এই আর্জেন্টাইন এবারও কি নিজের রেকর্ডের পেছনে ছুটবেন?নতুন এক মৌসুমের আগে মেসি ভাবছেন অন্য রকম। বেশি বেশি গোল করার চেয়ে ট্রফি জয়েই এবার মনোযোগী এই ফুটবল-জাদুকর। কাল বার্সেলোনায় সংবাদ সম্মেলনে বললেন, ‘আমি নিজের গোলের রেকর্ড ভাঙার দিকে তাকাচ্ছি না। ওটা আমার লক্ষ্য নয়।’তাহলে নতুন লক্ষ্যটা কী? ‘আমি খেলোয়াড় হিসেবে আরও উন্নতি করতে চাই, দলকে আরও বেশি কিছু দিতে চাই। কিছু কিছু ক্ষেত্রে আমার এখনো উন্নতির সুযোগ আছে। আমার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি শিরোপা জেতা।’গত মৌসুমে রিয়াল মাদ্রিদ ও চেলসি বার্সেলোনাকে বঞ্চিত করেছে সবচেয়ে বড় দুটি শিরোপা থেকে। হোসে মরিনহোর দল জিতেছে লা লিগা। আর সেমিফাইনালে চেলসি কেড়ে নিয়েছে তাদের পঞ্চম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের স্বপ্ন। মেসি চান না এবার ওই ঘটনার পুনরাবৃত্তি হোক, ‘আশা করছি, আমরা আবার সবকিছু জিততে পারব। জানি, ব্যাপারটা বেশ কঠিন। কিন্তু চেলসির বিপক্ষে হারটা আমাকে এখনো যন্ত্রণা দেয়। ওই ম্যাচে আমি পেনাল্টি মিস করেছিলাম। ন্যু ক্যাম্পে মাদ্রিদের বিপক্ষে হারটাও সমান যন্ত্রণাদায়ক।’বিদায়ী কোচ পেপে গার্দিওলার আমলে প্রায় সবকিছুই জিতেছেন মেসি। কোচ হিসেবে টিটো ভিলানোভা নতুন হলেও তাঁর সঙ্গে সেই লা মেসিয়ার দিন থেকেই জানাশোনা মেসির। মেসির মেসি হয়ে ওঠার পেছেনে ভিলানোভার অবদানকে অস্বীকার করতে পারেন না মেসি, ‘আমি যখন ছোট ছিলাম টিটো আমার উন্নতিতে ভালো সাহায্য করেছে। আমার কল্পনাতেও ছিল না প্রথম বিভাগে তাকে আবার পাব। তবে তাকে এখানে পেয়ে আমার খুব ভালো লাগছে।’ রয়টার্স। ]