নতুন যুগেও চাপে ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাপ পিছু ছাড়ছে না ব্রাজিলকে। চাপের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ মঙ্গলবার অনুষ্ঠেয় প্রীতি ম্যাচেও চাপে রয়েছে ব্রাজিল।বিশ্বকাপে ব্যর্থতার পর আমূল পরিবর্তন হয়ে গেছে ব্রাজিল দলের। বিদায় ঘটেছে কার্লোস দুঙ্গার। নতুন কোচ মানো মেনেজেসের দলে দুঙ্গার দলের মাত্র চারজন ঠাঁই পেয়েছেন—রবিনহো, থিয়াগো সিলভা, দানি আলভেজ ও রামিরেস। দলে আমূল পরিবর্তন এলেও পিছু ছাড়েনি পুরোনো চাপ। বিশ্বকাপে অংশ নেওয়া দানি আলভেজ রয়টার্সকে বলেছেন, ‘ব্রাজিলের জার্সি গায়ে জড়ানো মানেই চাপ সৃষ্টি হওয়া। মাঠে নামলে আমাদের দায়িত্ব অনেক বেশি বেড়ে যায়।’বিশ্বকাপে ছিলেন না এসি মিলানের স্ট্রাইকার আলেক্সান্ডার পাতো এবং লিভারপুলের মিডফিল্ডার লুকাস। নতুন কোচ এ দুজনকে দলে ফিরিয়ে এনেছেন। মেনেজেসের তারুণ্যনির্ভর দলের প্রথম পরীক্ষার আগে লুকাস বলেছেন, ‘সবার জন্যই এটা নতুন করে শুরু। বিশ্বকাপের পর চাপের মাত্রাটা অনেক বেশি ছিল। আগামী বিশ্বকাপ আমরা আয়োজন করব বলে সমর্থকদের প্রত্যাশা বেড়ে গেছে। আমরা জিতব, এই প্রত্যাশায় করেন সবাই।’ফুটবলারদের কণ্ঠে চাপের আভাস থাকলেও কোচের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। মেনেজেস বলেছেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য জয়। ব্রাজিলের মতো করেই খেলতে চাই আমরা। ম্যাচের ফল ভালো না হলে অনিশ্চয়তায় পড়তে হয়, আমরা নিশ্চয়তা নিয়েই থাকতে চাই।’