নতুন রাইফেলে ভাগ্য বদলাবে বাকির?
অনুশীলনে ইদানীং আবদুল্লাহ হেল বাকি একটু বেশিই রোমাঞ্চিত থাকেন। সদ্যই নতুন একটি রাইফেল উপহার পেয়েছেন কমনওয়েলথ গেমসে রুপাজয়ী শুটার। ওয়ালথার এলজি ৪০০ মডেলের এই রাইফেল তাঁকে উপহার দিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ।
এত দিন বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতেন ফিনার্কবাউ ৮০০ মডেলের রাইফেল নিয়ে। তবে ওটা নিজের ছিল না, দিয়েছিল পুরোনো ক্লাব ঢাকা শুটিং ক্লাব। কিন্তু গত আগস্টে বাকি যোগ দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীতে। সেখানে গিয়েই পেলেন নতুন এই রাইফেল, আর এটি দিয়েই নিশানা ভেদ করতে চান আগামী ৩-৯ ডিসেম্বর ইরানের তেহরানে অনুষ্ঠেয় এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে।
রিও অলিম্পিকের পর আর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেননি। নতুন রাইফেল দিয়ে কতটুকু ভালো ফল করতে পারবেন, তা নিয়ে একটু চিন্তিতই বাংলাদেশের চ্যাম্পিয়ন শুটার, ‘নতুন রাইফেলে অভ্যস্ত হতে অন্তত ৩-৪ মাস সময় লাগে। তবে আমি এটি দিয়েই চেষ্টা করছি ভালো করার।’ পুরোনো রাইফেলে অনুশীলনে বাকি গড়ে নিয়মিত ৬২২ পয়েন্ট স্কোর করতেন। তবে নতুন রাইফেলে গত সপ্তাহে সর্বোচ্চ ৬২৪.৮ স্কোর করেছেন। এই স্কোরই বাকিকে তেহরানে ভালো করার ব্যাপারে আশাবাদী করে তুলেছে, ‘আমি সেখানে ৬২২ স্কোর করতে পারলেই ফাইনালে উঠতে পারব।’
এরই মধ্যে ইরানগামী ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। দলে রাইফেল ইভেন্টে আছেন আবদুল্লাহ হেল বাকি, শোভন চৌধুরী, অঞ্জন কুমার সিংহ, রবিউল ইসলাম, মোহাম্মদ রাব্বি, রিসালাতুল ইসলাম, জেসিমুজ্জামান, অর্ণব, শারমিন আক্তার, আতকিয়া হাসান দিশা ও জুঁই চাকমা। পিস্তল ইভেন্টে অংশ নেবেন এসএ গেমসের সোনাজয়ী শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, আরমিন আশা ও আঁখি খাতুন।