নতুন রানি কেভিতোভা
মার্টিনা নাভ্রাতিলোভা ছিলেন। উৎসাহ জোগাতে গ্যালারিতে হাজির হয়েছিলেন ইয়ানা নোভতনাও। সর্বশেষ এই দুই চেক নারীর হাতেই উঠেছিল উইম্বলডন শিরোপা। এখন এঁদের সঙ্গে উচ্চারিত হবে পেত্রা কেভিতোভার নামও। তৃতীয় চেক নারী হিসেবে কাল উইম্বলডন জিতলেন এই ২১ বছর বয়সী। ফাইনালে মারিয়া শারাপোভাকে দাঁড়াতেই দেননি। ২০০৪ উইম্বলডন চ্যাম্পিয়নকে কেভিতোভা হারিয়েছেন সরাসরি সেটে (৬-৩, ৬-৪)।কাল সারা দিনে সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি কেভিতোভা হয়েছেন আসলে ম্যাচ শেষে, ইংরেজিতে অনুভূতি প্রকাশের সময়। একে তো ইংরেজিতে সরগড় নন। তার ওপর প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের উচ্ছ্বাসে ভেসে যাচ্ছিলেন। আবেগ জড়ানো কণ্ঠেই বললেন, ‘আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। এত এত গ্রেট খেলোয়াড় এসেছেন আমার খেলা দেখতে। আমার খেলা দেখা, আমাকে সমর্থন করার জন্য তাঁদের ধন্যবাদ।’এই উইম্বলডন জিতেই তারকাখ্যাতি পেয়েছিলেন শারাপোভা। উইলিয়ামস বোনদের ফিকে হয়ে যাওয়ার এই সময়টায় মেয়েদের টেনিস নিঃসন্দেহে আরেকজন তারকা পেল। শুধু খ্যাতিই নয়, চ্যাম্পিয়নের বড় থালাটির পাশাপাশি কেভিতোভা পেলেন ১১ লাখ পাউন্ডও (১৩ কোটি টাকা প্রায়)।