নতুন রানি পাচ্ছে উইম্বলডন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিনা লিসিকি-আগ্নিয়েস্কা রাদভানস্কা, মারিওন বারতোলি-কারস্টেন ফ্লিপকেনস
সাবিনা লিসিকি-আগ্নিয়েস্কা রাদভানস্কা, মারিওন বারতোলি-কারস্টেন ফ্লিপকেনস

সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কা, লি না, পেত্রা কেভিতোভারা টুর্নামেন্ট শুরুর আগে শিরোপা দৌড়ে ফেবারিট ছিলেন। কিন্তু এক এক করে ঝরে পড়েছেন সবাই। তাঁদের বিদায়ী মঞ্চে, মেয়েদের এককে আজ যাঁরা সেমিফাইনাল খেলতে নামছেন, সেই নামগুলো মিলিত কণ্ঠে গাইছে নতুনের জয়গান। সাবিনা লিসিকি, আগ্নিয়েস্কা রাদভানস্কা, মারিওন বারতোলির সঙ্গে সেমিফাইনালে উঠে সবচেয়ে বড় বিস্ময়টির জন্ম দিয়েছেন বেলজিয়ামের কারস্টেন ফ্লিপকেনস।

অঘটনের উইম্বলডনে মেয়েদের এককের কোয়ার্টার ফাইনালে ছিল অন্য রকম এক ছবি। শেষ আটে উঠেছিলেন ৮ দেশের ৮ জন। যাঁদের মধ্যে গ্র্যান্ড স্লাম জয়ের অভিজ্ঞতা ছিল মাত্র দুজনের! ২০১১ ফ্রেঞ্চ ওপেনজয়ী লি না ও একই বছরের উইম্বলডনজয়ী কেভিতোভা। কিন্তু দুজনই বিদায় নিয়েছেন শেষ আট থেকে। চার সেমিফাইনালিস্টের গ্র্যান্ড স্লাম জয় দূরে থাক, ফাইনালে খেলার অভিজ্ঞতাই আছে দুজনের। এই উইম্বলডনেই ২০০৭ সালে ফাইনালে উঠেছিলেন ফ্রান্সের বারতোলি, গত বছর পোল্যান্ডের রাদভানস্কা।

দুই ঘণ্টা ৪৩ মিনিটের লড়াইয়ে লি নাকে ৭-৬ (৭-৫), ৪-৬, ৬-২ গেমে হারিয়েছেন গত বছরের রানারআপ রাদভানস্কা। কেভিতোভাকে ৬-৪, ৩-৬, ৪-৬ গেমে হারিয়ে ফ্লিপকেনস পেয়েছেন যেন ‘দ্বিতীয় জীবন’। এক বছর আগেও তাঁর ক্যারিয়ারে যতি পড়ে যাচ্ছিল প্রায়। পায়ের পেশিতে পাওয়া যায় জমাটবাঁধা রক্ত। ২৭ বছর বয়সী সেই ফ্লিপকেনসের চোখেই এখন প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন। যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিভেনসকে বারতোলি হারিয়েছেন ৬-৪, ৭-৫ গেমে। ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর তিনিই প্রথম বেলজিয়ান মেয়ে, যিনি উঠলেন গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে। এস্তোনিয়ার কেইয়া কানেপিকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে লিসিকি দ্বিতীয়বারের মতো উইম্বলডনের সেমিফাইনালে।

এক একটি সিঁড়ি ভেঙে এ পর্যায়ে এসে চারজনই হয়তো মনের মধ্যে ধরেছেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন। সেই স্বপ্নের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার আশায় আজ চারজনই নামছেন। সেমিফাইনালে জার্মানির লিসিকির মুখোমুখি বর্তমান রানারআপ রাদভানস্কা, আর বারতোলির সামনে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে ওঠা ফ্লিপকেনস।

শেষ পর্যন্ত চারজনের কে হাসবেন শিরোপা জয়ের হাসি? নয়বারের উইম্বলডন চ্যাম্পিয়ন মার্টিনা নাভ্রাতিলোভার ফেবারিট লিসিকি। চতুর্থ রাউন্ডে টপ ফেবারিট সেরেনা উইলিয়ামসকে হারিয়েছেন বলেই নয়, জার্মানির ২৩ বছরের তরুণী প্রতিটি ম্যাচেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। ২০১১ সালেও অল-ইংল্যান্ডের এই ঘাসের কোর্টে সেমিফাইনালে উঠেছিলেন লিসিকি। কিন্তু হেরে যান শারাপোভার কাছে। তবে সেরেনার বিপক্ষে এবারের জয়টা যেন তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। সেমিফাইনালে উঠেই যেমন বলেছেন, ‘দুই বছর আগের চেয়ে আমি অনেক বেশি সতেজ এবং ভালো বোধ করছি।’

শেষ পর্যন্ত যে-ই জিতুন, উইম্বলডন পাবে নতুন চ্যাম্পিয়ন। এএফপি, রয়টার্স।