নতুন রূপে জিম্বাবুয়ের ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার জেগে উঠছে জিম্বাবুয়ের ক্রিকেট। রাজনৈতিক টানাপোড়েনে গত কয়েক বছর ধরেই আফ্রিকার এই ক্রিকেট খেলুড়ে দেশটিকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিল। যার ফলে বড় কোনো স্বপ্নের ধরে-কাছেই যেতে পারছিল না জিম্বাবুয়ের ক্রিকেট। বিভিন্ন অস্থিরতায় জিম্বাবুয়ে ধীরে ধীরে ক্রিকেটের দুর্বলতম দেশে পরিণত হয়েছে। রাজনৈতিক কারণে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশগুলো ক্রিকেট সফরে না আসায় আর্থিকভাবেও একেবারে শুয়ে পড়েছে দেশটির ক্রিকেট। পারফরম্যান্সের কারণে টেস্ট ক্রিকেট থেকেও বর্তমানে স্বেচ্ছা নির্বাসিত ১৯৯২ সালে টেস্ট মর্যাদায় অধিষ্ঠিত জিম্বাবুয়ে।মাঝের অস্থিরতা আর টানাপোড়েনকে পেছনে ফেলে নতুন চেহারায় ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন জিম্বাবুয়ে ক্রিকেট সংশ্লিষ্টরা। গত বছরই জিম্বাবুয়ে নতুন চেহারায় চালু হয়েছে ঘরোয়া ক্রিকেট। যেখানে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতির প্রবর্তন করে পৃষ্ঠপোষকদের আকর্ষণ ও মনোযোগ টানার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি বিখ্যাত সংস্থার সঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেটের চুক্তিও হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বড় চুক্তি সম্পাদিত হয়েছে বিশ্বখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান রিবকের সঙ্গে। রিবকের সঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেটের এ চুক্তিটি বছরে প্রায় ১০ লাখ ডলারেরও বেশি বলে জানা গেছে।রিবকের তিন বছর মেয়াদি এ চুক্তির বিনিময়ে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল তাঁদের জার্সিতে প্রতিষ্ঠানটির লোগো ব্যবহার করবে। রিবক এ চুক্তির অধীনে জিম্বাবুয়ে ক্রিকেটকে প্রতি মাসে চার লাখ ডলারের কিছু বেশি অর্থ দেবে।জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক ওজিয়াস বুভুতে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে জানান, রিবকের সঙ্গে এ চুক্তি জিম্বাবুয়ের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে। রিবক এ চুক্তির অধীনে জাতীয় দলকে পৃষ্ঠপোষকতা তো দেবেই, সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও তারা অর্থ দেবে।টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছায় নির্বাসনে থাকা জিম্বাবুয়ে নিজেদের ক্রিকেটের খোলনলচেটিই পাল্টে দিতে চাচ্ছে। আগামী বছরের মার্চের মধ্যে তারা পুনরায় টেস্ট ক্রিকেটে ফিরতে বদ্ধপরিকর। রিবকের সঙ্গে এ চুক্তি জিম্বাবুয়ের টেস্টে নতুন রূপে ফেরা ত্বরান্বিত করবে বলে বিশ্লেষকেরা মনে করেন। একই সঙ্গে দেশটির ক্রিকেট বোর্ড এ মুহূর্তে নিজেদের দুটি প্রধানতম ক্রিকেট ভেন্যুর সংস্কার কার্যক্রমও হাতে নিয়েছে। হারারে স্পোর্টস ক্লাব ও বুলাওয়েওর মাঠটির দর্শক ধারণক্ষমতা বৃদ্ধি ও সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ জিম্বাবুয়ের ক্রিকেটে নব আবির্ভাবেরই ইঙ্গিত।—ক্রিকইনফো