নতুন রূপে নাদাল-ফেদারার দ্বৈরথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিস-জগতে এবার নতুন রূপে দেখা যেতে পারে রাফায়েল নাদাল-রজার ফেদারার দ্বৈরথ। কারণ, এ প্রথমবারের মতো এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে একই গ্রুপে খেলতে পারেন এ সময়ের অন্যতম সেরা এই দুই টেনিস তারকা। বিগত ২৫ বারের মুখোমুখি লড়াইয়ে মাত্র একবারই সেমিফাইনাল বা ফাইনালের বাইরে লড়তে দেখা গেছে নাদাল-ফেদারারকে। ২০০৪ সালে মিয়ামিতে। এবার নোভাক জকোভিচ টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা দখল করায় নাদাল ও ফেদারারের একই গ্রুপে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।নাদালের সঙ্গে একই গ্রুপে খেলার ব্যাপারটাকে স্বাগতই জানিয়েছেন রজার ফেদারার। নাদালের বিপক্ষে খেলাটা সব সময়ই খুব উত্তেজনাকর বলে মন্তব্য করেছেন এই সুইস তারকা। তিনি বলেছেন, ‘রাফার সঙ্গে একই গ্রুপে খেলতে পারাটা আমার জন্য বিশেষ কিছু। আমি সব সময়ই তার বিপক্ষে খেলাটা খুব উপভোগ করি। কিন্তু আমরা ইনডোর ম্যাচ খুব বেশি খেলিনি। কাজেই এটা খুব উত্তেজনাকরই হবে।’গত বছর ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালে রাফায়েল নাদালকে হারিয়েই শিরোপা জিতেছিলেন ফেদারার। এবারের শিরোপা জয়ের স্বাদ পেলে নতুন একটি রেকর্ডও গড়তে পারবেন এ সময়ের অন্যতম সেরা এই টেনিস তারকা। বছর শেষের এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ছয়বার শিরোপা জিতে তিনি পেছনে ফেলবেন কিংবদন্তি পিট সাম্প্রাস ও ইভান লেন্ডলকে। এ সম্পর্কে জানতে চাওয়া হলে ৩০ বছর বয়সী ফেদারার বলেছেন, ‘ষষ্ঠবারের মতো শিরোপা জিততে পারলে সেটা হবে দারুণ ব্যাপার। এই রেকর্ড গড়াটা সত্যিই আমাকে খুব অনুপ্রেরণা জোগাবে। লেন্ডল, সাম্প্রাসের মতো কিংবদন্তিদের পেছনে ফেলে এই নতুন মাইলফলক গড়াটা আসলেই বিস্ময়কর।’