নতুন রূপে ভালদেস

কখনো কখনো পাগলামি করে বসেন, তবে ভিক্টর ভালদেসের সামর্থ্য নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি। এক দশক ধরেই বার্সেলোনার গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী। চার বছরে পেপ গার্দিওলার ১৪ ট্রফি জয়ের অন্যতম সেনানী। সব মিলিয়ে বার্সার হয়ে জিতেছেন ২১টি শিরোপা। কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছে, প্রায় ‘বুড়ো’র খাতায় নাম লেখানো এই গোলরক্ষক নিজের সেরাটা জমিয়ে রেখেছিলেন বার্সেলোনায় নিজের শেষ মৌসুমে!
সত্যিকার অর্থেই নতুন মৌসুমে ভালদেসকে দেখা যাচ্ছে অন্যরূপে। প্রতিটি ম্যাচেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। লিগে চার জয়ের তিনটিই বার্সা জিতেছে এক গোলের ব্যবধানে (মালাগার বিপক্ষে ১-০, ভ্যালেন্সিয়ার সঙ্গে ৩-২ ও সেভিয়ার সঙ্গে ৩-২)। প্রতিটি ম্যাচেই ভালদেস অসাধারণ সব সেভ করেছেন। বুধবার চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের বিপক্ষে ছিলেন আরও বেশি উজ্জ্বল। ন্যু ক্যাম্পে ৪-০ গোলের জয়ে মেসি করেছেন হ্যাটট্রিক। কিন্তু ম্যাচ শেষে পাদপ্রদীপের আলো কাড়লেন মেসির সমান। পেনাল্টি রুখেছেন, বাঁচিয়েছেন আরও তিন-চারটি গোল! কোচ জেরার্ডো মার্টিনোসহ সতীর্থরা প্রশংসায় পঞ্চমুখ। দুরন্ত এই শেষপ্রহরীকে দেখে এখনই আফসোস করছেন সমর্থকেরা, আগামী মৌসুমে স্মৃতি হয়ে যাবেন ভালদেস! জাতীয় দলে এত দিন থেকেছেন ইকার ক্যাসিয়াসের আড়ালে। কিন্তু ক্যাসিয়াসকে বাদ দিয়ে তাঁকেই এখন এক নম্বর গোলরক্ষক করা উচিত কি না সেই আলোচনাও চলছে।
বার্সেলোনার সঙ্গে তাঁর বর্তমান চুক্তিটা শেষ হবে এই মৌসুম শেষেই। এবারই বার্সেলোনা ছেড়ে দিতে পারেন বলে গুঞ্জন ছিল। কিন্তু ‘লা মাসিয়া’ থেকে উঠে আসা ভালদেস ক্লাবের প্রতি ভালোবাসা আর চুক্তিটাকে মর্যাদা দিয়ে থেকে গেছেন বার্সেলোনাতেই। তবে নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিনয়ের সঙ্গে। আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হলে আর ন্যু ক্যাম্পে থাকবেন না। এক দশক ধরে বার্সেলোনার এক নম্বর গোলরক্ষকের চাপ সামলাতে গিয়ে একটু যেন ক্লান্ত। বয়সটাও কম নয়, জানুয়ারিতে ৩২-এ পা দেবেন। এই বয়সে এসে ভালদেস ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন ভাষার স্বাদ নিতে চান। বার্সা ছেড়ে কোথায় যাবেন, সেটাও যেন একরকম ঠিক করাই! গুঞ্জন আছে নব্য ধনী ফরাসি ক্লাব মোনাকোর লোভনীয় প্রস্তাবটাই শেষ পর্যন্ত হয়তো গ্রহণ করবেন।
তবে যাওয়ার আগে ভালদেস এই মৌসুমে বার্সেলোনার হয়ে নিজেকে উজাড় করে দিতে চান। বার্সার হয়ে ছয়বার লিগ, তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। এবারও আশা বার্সা পরবে ইউরোপীয় ফুটবলের সেরার মুকুট, ‘চ্যাম্পিয়নস লিগ জিততে পারলে আমি খুবই রোমাঞ্চিত হব। যে করেই হোক আমি এটা জিততে চাই। আমি জানি, বার্সেলোনার হয়ে এটাই হবে আমার শেষ মৌসুম। এখানকার মানুষ এবং সমর্থকেরা আমাকে যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, আমি সত্যিই কৃতজ্ঞ। এটাই আমাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলছে।’ তাঁর এই আত্মবিশ্বাসই আজ কাল হয়ে দাঁড়াতে পারে রায়ো ভায়েকানোর জন্য। লিগে আজ ভায়েকানোর বিপক্ষে ম্যাচ বার্সার। এএফপি ও ওয়েবসাইট।