'প্রতারক' রোবেন!

নতুন রোবেনে পুরোনো ভূত!
একসময় ফুটবল মাঠে ডাইভিংয়ের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। গোল করার চেয়ে আলোচনায় বেশি থাকতেন ডাইভ বিতর্ক দিয়ে। তবে সেই দিনগুলো পেছনে ফেলে এসেছিলেন, মাঠের পারফরম্যান্স দিয়েই গত বছর দুয়েক ছিলেন ফুটবলবিশ্বের সেরাদের একজন। পরশু ফোর্তালেজার স্তাদিও কাস্তেলোর রোবেন যেন ফিরে গেলেন পুরোনো দিনগুলোয়। আবার তিনি ডাইভিং বিতর্কে, যে ‘ডাইভ’ থেকে পাওয়া পেনাল্টিতে ক্লাস-ইয়ান হান্টেলারের গোল ৯৩ মিনিটে ভেঙে দিয়েছে মেক্সিকানদের হৃদয়।
মেক্সিকান অধিনায়ক রাফায়েল মার্কেজের পা রোবেনের পায়ের অগ্রভাগ ছুঁয়েছিল বটে; তবে রোবেন যেভাবে নাটকীয় ভঙ্গিতে মুখ থুবড়ে পড়ে গেলেন, রেফারিকে তা খানিকটা বিভ্রান্ত না করে পারেই না। রোবেনকে ওভাবে পড়ে যেতে না দেখলে হয়তো ম্যাচ শেষের কয়েক মুহূর্ত আগে অমন পেনাল্টি দিতেন না রেফারি। মিগুয়েল হেরেরার তো কোনো সংশয়ই নেই। রোবেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে মেক্সিকান কোচ ধুয়ে দিয়েছেন রেফারিকে, ‘আমাদের চার ম্যাচের তিনটিতেই রেফারিং ছিল ভয়াবহ, আজকে তো (পরশু) সবচেয়ে বাজে। পেনাল্টির আশায় তিন-তিনবার ডাইভ দিয়েছে রোবেন, যার একটিও ফাউল ছিল না। ওকে অবশ্যই কার্ড দেখানো উচিত ছিল। কোনো প্রতারককে সতর্ক না করলে সে প্রতারণা করতেই থাকবে।’
ম্যাচের রেফারি ছিলেন ইউরোপিয়ান, পর্তুগালের পেদ্রো প্রোয়েনসা। হেরেরা তাই ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছেন, ‘যে দল খেলছে, সেই কনফেডারেশনের রেফারি থাকলে তো এমন হতেই পারে! রেফারি নিজেই আজ (পরশু) একটি পেনাল্টি উদ্ভাবন করেছে। এখন আর কী করা, এটুকুই শুধু চাইতে পারি, ওই রেফারিও যেন আমাদের মতো বাড়ি ফিরে যায়।’
মজার ব্যাপার হলো, রোবেন কিন্তু ডাইভিংয়ের দায় শিকার করে ক্ষমা চেয়েছেন! তবে পেনাল্টি ডাইভ নয়, আগের একটি, ‘শেষের ওই পেনাল্টি পরিষ্কার ফাউল ছিল। তবে প্রথমার্ধে আমি একবার ডাইভ দিয়েছিলাম এবং সে জন্য আমি ক্ষমাপ্রার্থী। চরম বোকামি করেছিলাম, মোটেও অমন কিছু করা উচিত হয়নি। তবে শেষের ওটি যদি পেনাল্টি না হয়, আমি জানি না তাহলে কোনটি পেনাল্টি।’
যাঁর ফাউলে ওই পেনাল্টি, সেই রাফায়েল মার্কেজের দাবি আবার উল্টো, ‘ম্যাচ শেষে আমি রোবেনের সঙ্গে কথা বলেছি। ও বলেছে যে শেষটি পেনাল্টি ছিল না। প্রথমটি পেনাল্টি ছিল, কিন্তু রেফারি দেননি।’
সত্যটি যা-ই হোক বা যে-ই বলুন, সবচেয়ে বড় সত্য হলো, ওই পেনাল্টি গোলেই মেক্সিকোকে বিদায় করে শেষ আটে হল্যান্ড। এবং এটাও সত্যি, রোবেন ও ডাইভিং, ছাড়তে পারবে না পরস্পরকে! ইয়াহু স্পোর্টস, ফিফাডটকম, মেইলঅনলাইন।