নতুন লক্ষ্যও ঠিক করে দিলেন লয়েড
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ফাইনালের আগে দলকে উদ্দীপ্ত করেছিলেন ই-মেইল পাঠিয়ে। উত্তরসূরিদের এবার নতুন লক্ষ্যে উদ্দীপ্ত করছেন ক্লাইভ লয়েড। সাবেক উইন্ডিজ অধিনায়ক বলছেন, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য হওয়া উচিত এখন পরবর্তী ধাপে পৌঁছানো। সেই ‘পরবর্তী ধাপ’টা কী, সেটাও ঠিক করে দিয়েছেন লয়েড—ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান!টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ এখন দুইয়ে। তবে টেস্ট-ওয়ানডে দুটিতেই সাতে। টেস্টে সেরা হতে হলে এখনো পাড়ি দিতে হবে অনেকটা পথ। এটা লয়েডও ভালো করেই জানেন। কিন্তু ওয়ানডের সিঁড়ি বেয়ে ওঠা ততটা কঠিন নয়। লয়েডকে স্বপ্ন দেখতে ভরসা জোগাচ্ছে টি-টোয়েন্টি শিরোপা জয় আর এই দলের রসদ, ‘এই জয় (ওয়ার্ল্ড টি-টোয়েন্টি) প্রমাণ করছে আমরা খুব ভালো একটি ওয়ানডে দল হয়ে উঠতে পারি। এটা হবে শুরু, যা বড় দৈর্ঘ্যের ম্যাচেও আমাদের ভালো করার দিকে এগিয়ে দেবে।’ওয়েস্ট ইন্ডিজ দলের শক্তির জায়গাটাও নির্দিষ্ট করে বলেছেন লয়েড, ‘বিশ্বের সেরা ১৫ জন বিগ হিটারের মধ্যে ছয়জন আমাদের দলে। ওরা প্রত্যেকেই দুর্দান্ত মারতে পারে। এটা একটা বড় শক্তি, ওরা জানে মাঠে নেমে ওদের আধিপত্য করার ক্ষমতা আছে। বড় দৈর্ঘ্যের ম্যাচেও তাদের তা-ই করা উচিত।’ শুধু বিস্ফোরক সব ব্যাটসম্যানই নন, লয়েডের ভরসার উৎস রহস্য স্পিনার সুনীল নারাইন ও লেগ স্পিনার স্যামুয়েল বদ্রিও, ‘আমাদের অন্তত এমন দুজন স্পিনার আছে, যারা ব্যাটসম্যানদের ধাঁধায় ফেলতে পারে। বড় দৈর্ঘ্যের ম্যাচে ওরা কেমন, সেটা সময়েই জানা যাবে। ওয়ানডেতে আমার মনে হয় না ওদের আক্রমণ করে খুব বেশি ব্যাটসম্যান পার পাবে।’এবারের আগে ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল লয়েডের নেতৃত্বেই। ১৯৭৫ ও ১৯৭৯—প্রথম দুটি বিশ্বকাপ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বিশ্বকাপ জয় ৩৩ বছর পর, আর বৈশ্বিক শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ আট বছর পর। ২০০৪ সালে ব্রায়ান লারার নেতৃত্বে জিতেছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজকে দেখে সুখী এক দল বলেই মনে হয়েছে লয়েডের। এ জন্য অধিনায়ক ড্যারেন স্যামিকে কৃতিত্বও দিয়েছেন তিনি, ‘সবাইকে দারুণ এককাট্টা মনে হচ্ছে। মাঠে মনে হচ্ছে সুখী একটি পরিবারের মতো। কোনো কিছুতেই ওদের বিচলিত মনে হচ্ছে না। মনে হচ্ছে একটা লক্ষ্যে এগোচ্ছে দলটা। এ জন্য অধিনায়ককে কৃতিত্ব দিতেই হবে।’ স্যামি নিশ্চয়ই এই প্রশংসা মাথায় করে রাখবেন। এটি যে এসেছে ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের কান্ডারির কাছ থেকে। ওয়েবসাইট।