নতুন লক্ষ্যে জেসিকা এনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেসিকা এনিসের মূল ইভেন্ট হেপ্টাথেলন। ওটা থেকেই তিনি ব্রিটেনকে এবারের অলিম্পিকে এনে দিয়েছেন সোনার পদক। ১২.৫৪ সেকেন্ড সময় নিয়ে হেপ্টাথেলনে গড়েছেন নতুন রেকর্ড। নিজের মূল ইভেন্টের পাশাপাশি ১০০ মিটার হার্ডলসেও ভাগ্য পরীক্ষা করতে চান এই ব্রিটিশ অ্যাথলেট। তবে অদূর ভবিষ্যতে হেপ্টাথেলন ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছেই যে তাঁর নেই, সে কথা জানাতে ভোলেননি তিনি।কাল রাতে ১০০ মিটার হার্ডলসে সোনা জিতেছেন অস্ট্রেলীয় গোল্ডেন গার্ল স্যালি পিয়ারসন। ১২.৩৫ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতে তিনি গোটা অস্ট্রেলিয়াকে ভাসিয়েছেন আনন্দে। ক্যাথি ফ্রিম্যানের যোগ্য উত্তরসূরি পিয়ারসেনকে অনুসরণই করতে চান ব্রিটিশ অ্যাথলেট জেসিকা এনিস। তিনি বলেছেন, ‘নির্দিষ্ট করে বলতে পারছি না। ভবিষ্যতে ১০০ মিটার হার্ডলসকে নিজের ইভেন্ট করতে চাই আমি, তবে এ জন্য যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তা থেকে যাচ্ছে।’ভবিষ্যতে এই ইভেন্টকে নিজের করতে চাইলেও এখনো যে অনেকটা পথ বাকি, সেটা মানেন জেসিকা এনিস নিজেও। কেবল অংশগ্রহণের জন্য তিনি কিছু করতে চান না, সেটাও জানিয়েছেন। বলেছেন, ‘যদি কোনো ইভেন্টে অংশ নিয়ে আমি ভালো করতে না পারি, তাহলে কোনো লাভ নেই। সে কারণে হার্ডলসে নাম লেখানোর আগে বিস্তর চিন্তাভাবনার দরকার আছে। বুঝতে হবে, এই ইভেন্টে আমি আসলেই ভালো করতে পারব কি না।’ অলিম্পিকে ১০০ মিটার হার্ডলসে সোনাজয়ী স্যালি পিয়ারসন একেবারেই অপরিচিত নন এনিসের কাছে। কমনওয়েলথ যুব গেমসে পিয়ারসনের সঙ্গে এই ১০০ মিটার হার্ডলসেই লড়েছিলেন জেসিকা এনিস। সেবার পিয়ারসনের কাছে হেরে গিয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকে জেসিকা বলেন, ‘কমনওয়েলথে আমি পিয়ারসনের কাছে হেরেছিলাম। ও দুর্দান্ত এক হার্ডলার। অলিম্পিকে ও সোনা জেতায় আমি খুবই খুশি হয়েছি। আশা করছি ভবিষ্যতে হয়তো কোনো প্রতিযোগিতায় পিয়ারসনের সঙ্গে ১০০ মিটার হার্ডলসে আমি আবারও মুখোমুখি হব। হার্ডলসের চিন্তা মাথায় থাকলেও হেপ্টাথেলনকে এখনই বিদায় জানাতে চান না জেসিকা এনিস। অলিম্পিকে রেকর্ড গড়ে সোনা জিতলেও ৭০০০ পয়েন্টের ফলক ছুঁতে না পারার আক্ষেপটা তাঁর রয়েই গেছে। অলিম্পিকের হেপ্টাথেলন প্রতিযোগিতায় মাত্র পাঁচ পয়েন্টের জন্য সেই ৭০০০ পয়েন্ট স্কোর করতে না পারার এই আক্ষেপই এনিসের মধ্যে তৈরি করেছে নতুন প্রেরণা। সেই প্রেরণা নিয়েই হেপ্টাথেলনটাও চালিয়ে যেতে চান তিনি। ওয়েবসাইট।